নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অস্ত্র সহ গ্রেপ্তার করা হল এক দুষ্কৃতী ও তার সহযোগীকে। সোমবার রাতে সোনারপুর থানার আরাপাঁচ এলাকায় মিঠু খাঁ নামে এক কুখ্যাত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিল বলে পুলিসের কাছে খবর আসে। দ্রুত একটি টিম সেই এলাকায় পৌঁছয় এবং তল্লাশি শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজার পর পরিত্যক্ত একটি ইটভাটার ভিতরে ওই দুষ্কৃতীকে লুকিয়ে থাকতে দেখা যায়। সঙ্গে ছিল তার স্যাঙাত কান্তি হাজরা। পুলিস তাদের ধরতে চারদিক ঘিরে ফেলে। এরপর গ্রেপ্তার করা হয় দু’জনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।



