Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আগ্নেয়াস্ত্র সহ ধৃত ফেরিওয়ালা, তাজ্জব পুলিস

আগ্নেয়াস্ত্র সহ ধৃত ফেরিওয়ালা, তাজ্জব পুলিস
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডানকুনির গোঁসাইগাছি থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালিয়ে মইনুদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তিকে পাকড়াও করে। ধৃত ব্যক্তি পেশায় ফেরিওয়ালা। ফলে, তার কাছে আগ্নেয়াস্ত্র মেলায় তাজ্জব বনে গিয়েছে পুলিস। মইনুদ্দিনকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। তবে সে বেশ কিছুদিন ধরে ডানকুনির তেঁতুলতলায় স্থায়ীভাবে বাস করছিল। ধৃত মইনুদ্দিনের কাছে পাওয়া আগ্নেয়াস্ত্রটি ওয়ান শটার। তার কাছ থেকে একটি তাজা কার্তুজও পাওয়া গিয়েছে। পুলিসের একাংশের দাবি, ওই ব্যক্তির সঙ্গে চোর বা ডাকাতদের কোনও দলের যোগাযোগ থাকা সম্ভব। ফেরিওয়ালা সেজে তথ্য সংগ্রহ করার ঘটনা অতীতে বহুবার দেখা গিয়েছে। পাশপাশি, ব্যক্তিগত আক্রোশের কারণেও সে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারে। তবে ঠিক কি কারণে ফেরিওয়ালা আগ্নেয়াস্ত্র রেখেছিল তা স্পষ্ট হয়নি। ডানকুনি থানার পুলিস জানিয়েছে, ধৃতের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তার ফেরিওয়ালার পেশা সাজানো কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ