নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৪ মে হতে চলেছে নিট ইউজি। শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আগামী ৭ মার্চ পর্যন্ত অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এনটিএ সূত্রে জানা গিয়েছে, neet.nta.nic.in- এই ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা ৭ ফেব্রুয়ারি থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। আবেদন পত্রে কোথাও কোনও ভুল থাকলে ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত তা সংশোধন করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্র কোথায় পড়বে, অনলাইনে তা জানা যাবে আগামী ২৬ এপ্রিল। ১ মে এনটিএর ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ৪ মে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনঘন্টা হবে নিট ইউজি ২০২৫ প্রবেশিকা পরীক্ষা। আগামী ১৪ জুন ফল প্রকাশিত হবে।



