নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তাহেরপুরে ছাত্রী খুনের রেশ কাটতে না কাটতেই ফের খুন! এবার নিজের ঘর থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার বিবস্ত্র, রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার তেতে উঠল কামগাছি এলাকায়। বিক্ষোভ-অবরোধ চলে দীর্ঘক্ষণ। ৬১ বছরের ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরিবারের সদস্যরা দাবি তোলার আগেই দেহটি ময়নাতদন্তে সরাসরি কল্যাণী এইমসে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তাহেরপুর থানা এলাকায় একের পর এক খুনের ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। এদিন সকালে ঘটনাটি সাজানা গিয়েছে, ওই বৃদ্ধার বাড়ি কামগাছি পোস্ট অফিস পাড়ায়। থাকতেন এক কামরার টালির চালার ঘরে। বৃদ্ধার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে অনেক আগেই মারা গিয়েছেন। অন্যজন থাকেন অন্যত্র। মেয়ের শ্বশুরবাড়ি খানিক দূরে। বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটে নাগাদ ওই বৃদ্ধার প্রতিবেশীরা টিনের ও টালির চালে পরপর ভারী কিছু পড়ার আওয়াজ পান। তাঁদের মধ্যে চোর কিংবা ডাকাত দলের হানা হয়েছে বলে সন্দেহ হয়। কিছুক্ষণ বাদে সেই আওয়াজ থামলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা দেখতে পান, কেউ বা কারা বেশকিছু তালের শুকনো আঁটি ছুড়েছে কয়েকটি বাড়ির চাল লক্ষ্য করে। এলাকায় এ নিয়ে চিৎকার, চেঁচামেচি হলেও বৃদ্ধা বেরোননি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁদের কয়েকজন কৌতূহলবশত বৃদ্ধার ঘরের কাছে যান। দেখা যায়, দরজার একটি পাল্লা হালকা করে খোলা। বৃদ্ধাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকেই আঁতকে ওঠেন। তাঁর একটি পা জানালার দিকে উঁচু করা। চৌকিতে অর্ধনগ্ন অবস্থায় চিত হয়ে পড়ে রয়েছেন। মাথায় গভীর ক্ষত। সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। তড়িঘড়ি স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মাথায় ভারীকিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে মৃত্যুর কারন এখনও স্পষ্ট নয়। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।