সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার ২৪ ঘণ্টার মধ্যেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারের কৌশলের বদল করল তৃণমূল কংগ্রেস। বুধবার জাবরাভিটার মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে রাজনৈতিক উন্মাদনা তৈরি হয়। সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দলীয় প্রার্থী রঞ্জন শীলশর্মাকে জয়ী করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বিজেপির বিরুদ্ধে এসআইআর নিয়ে মানুষকে হয়রান করা, ভেদাভেদ তৈরির অভিযোগ তোলেন। বোঝান বিজেপি সর্বত্র কীভাবে সাধারণ মানুষের ক্ষতি করছে। সেই বার্তাই এবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূলের সংগঠিত প্রচার শুরু হয়।
এদিন ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নামেন ব্লক তৃণমূল সভাপতি দিলীপ রায়। তিনি মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। কেন এই কেন্দ্রে তৃণমূলকে জয়ী করা প্রয়োজন, তা ব্যাখ্যা করেন। পাশাপাশি বিজেপির নীতিকে সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকর বলে দাবি করেন। ছোট ছোট দল করে গোটা এলাকায় সারাদিন ধরেই এই প্রচার কর্মসূচি চলে।
দলীয় নেতৃত্বের পাশাপাশি তৃণমূলের মহিলা সংগঠন, ছাত্র ও যুব শাখার কর্মীরাও এভাবে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন। দিলীপ রায় বলেন, মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি বৈঠকে বসে প্রচারের রূপরেখা ঠিক করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থী রঞ্জন শীলশর্মা এবং ডাবগ্রাম-ফুলবাড়ি টাউন ব্লক নেতৃত্ব। সিদ্ধান্ত হয় সংগঠনের বিভিন্ন শাখা আলাদা আলাদা করে প্রচার চালাবে।
যুব তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে জানাচ্ছে তৃণমূল সরকারের ছাত্র-যুবদের জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা। অন্যদিকে, মহিলাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও তার উপকারিতা তুলে ধরছেন দলের মহিলা বাহিনী। দলের মাদারের নেতৃত্বের তরফে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। কেন বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে সমর্থন করা উচিত। প্রতিটি বাড়িতে এই তিন ধরনের প্রচার চলবে।
তবে তৃণমূলের প্রচারে চিন্তিত নয় বিজেপি। এদিন রামনবমীর মিছিলের আয়োজনে ব্যস্ত ছিল গেরুয়া শিবির। তাই সেভাবে ভোটের প্রচারে তারা নামেনি। ফুলবাড়ির বিজেপি নেতা তথা দলের সংখ্যালঘু মোর্চার জেলা সহ সভাপতি মতিউর রহমান বলেন, গত বছর মুখ্যমন্ত্রীর সভা করা সত্ত্বেও এই এলাকায় বিজেপি জয়ী হয়েছে। তাঁর দাবি, মানুষ তৃণমূলকে জেনে গিয়েছে। তাই তৃণমূলের কোনো প্রচারেই এখানকার মানুষ প্রভাবিত হবেন না। বিজেপির প্রচারে ভালো সাড়া মিলছে। • প্রচারে ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল প্রার্থী রঞ্জন শীলশর্মা। - নিজস্ব চিত্র।