নয়াদিল্লি: ভূ-রাজনৈতিক সমীকরণে নয়া অধ্যায়ের সূচনা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক-পদক্ষেপের মোকাবিলায় কোমর বাঁধছে ব্রিকস গোষ্ঠীর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) দেশগুলি! একদিন আগেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার সঙ্গে ফোনে কথা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২৪ ঘণ্টা কাটার আগেই শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হল তাঁর। ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে আরও উন্নতির অঙ্গীকার করলেন দুই দেশের নেতা। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে আমেরিকার চাপ উপেক্ষা করে পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের ফোনালাপে স্বাভাবিকভাবেই সুনির্দিষ্ট বার্তা দেখছে কূটনৈতিক মহল। ইতিমধ্যেই জানা গিয়েছে, এসসিও বৈঠকে যোগ দিয়ে সাত বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি। সেখানে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে কথা হতে পারে তাঁর। ফলে আমেরিকার ‘দাদাগিরি’র মোকাবিলায় ব্রিকস দেশগুলি যে সঙ্ঘবদ্ধ হচ্ছে, সেই ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে পড়ছে। আর ভূ-রাজনৈতিক সমীকরণে সম্ভাব্য এই বদলের আবহেই এবার কোয়াড গোষ্ঠীর অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মূলত চীনের বিরুদ্ধাচরণের লক্ষ্যেই ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড গোষ্ঠী তৈরি করেছিল আমেরিকা। ভারত ছিল এই গোষ্ঠীর কেন্দ্রবিন্দুতে। পরিবর্তিত পরিস্থিতিতে কোয়াডের গুরুত্ব আদৌ অটুট থাকবে কি না, সন্দীহান কূটনৈতিক মহল।



