লখনউ: রাজস্থান, অন্ধ্রপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশ। ফের এসি বাসে আগুন। রবিবার ভোর ৪টা বেজে ৪৫মিনিট। উত্তরপ্রদেশের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে রেবড়ি টোলপ্লাজার কাছে একটি এসি স্লিপার বাসে আগুন লাগে। যদিও বাসের ৩৯ যাত্রীই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।
আগুন দেখে সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন চালক। তাঁর তৎপরতায় বাসের যাত্রীরা সবাই বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাসটি প্রায় ভস্মীভূত হয়ে যায়।
দিল্লি থেকে লখনউ হয়ে
গোন্ডার দিকে যাচ্ছিল বাসটি। ভোর ৪ টা ৪৫ মিনিট এক্সপ্রেসওয়ের নাগাদ কাকোড়ি এলাকায় বাসটিতে আগুন লাগে। দমকল সূত্রে খবর, বাসের টায়ার ফেটেই আগুন ধরে যায়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, দিন দুয়েক আগে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যু হয়েছিল ২০ জনের। গুরুতর জখম হন বেশ কয়েকজন। তার আগে রাজস্থানের জয়সলমিরে সেনা ঘাঁটির কাছে একটি এসি বাসে অগ্নিকাণ্ড ২০ যাত্রীর প্রাণ কেড়ে নিয়েছিল।