Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিষেকের নির্দেশের পরেই বিধানসভা ভোট নিয়ে তৎপর জেলা তৃণমূল নেতৃত্ব

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ওয়ার্ম আপ শুরু পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের। ইতিমধ্যেই গঠিত হয়েছে জেলা কোর কমিটি

অভিষেকের নির্দেশের পরেই বিধানসভা ভোট নিয়ে তৎপর জেলা তৃণমূল নেতৃত্ব
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ওয়ার্ম আপ শুরু পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের। ইতিমধ্যেই গঠিত হয়েছে জেলা কোর কমিটি। টাউন ও ব্লক কমিটি গঠনের জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। একইসঙ্গে দলের জেলা নেতৃত্বের তরফে সমস্ত নেতাকর্মীদের দিবানিদ্রা ভেঙে ময়দানে নামার নিদানও দেওয়া হয়েছে। মূলত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরে সংগঠন মজবুত করার লক্ষ্যেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। তৃণমূলের নেতাদের কথায়, আগামী ২০ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক ও টাউন কমিটি গঠন করা হবে। সেই কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোর কমিটি। কোর কমিটির তদারকিতেই ব্লক ও টাউন কমিটি গঠন হবে। জানা গিয়েছে, যে সমস্ত নেতাকর্মীরা দলের জন্য সারা বছর ধরে ঘাম ঝরান ও এলাকায় যাঁদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, একমাত্র তাঁদেরই দলের পদ দেবে জেলা নেতৃত্ব। এনিয়ে তৃণমূলের অন্দরে বিশেষ বৈঠকও হয়েছে। সেই বৈঠকে একাধিক জেলা নেতা, বিধায়ক ও বিভিন্ন স্তরের জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আত্মবিশ্বাস বেড়েছে। কোর কমিটির সদস্যরা জোরকদমে কাজ শুরু করছেন। আমাদের লক্ষ্য, আগামী বিধানসভা নির্বাচনে জেলার প্রতিটি আসনে বড় মার্জিনে জয়। বিরোধীদের খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। প্রসঙ্গত, বুথস্তরে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যা প্রতিটি নির্বাচনে এগিয়ে রাখছে তৃণমূলকে। পাশাপাশি গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে একাধিকবার। প্রথমে পঞ্চায়েত ও পরে লোকসভা নির্বাচনের ফলাফল তার প্রমাণ। কিন্তু প্রতিটি নির্বাচনেই দেখা যাচ্ছে বিপুল ভোটে জয় এলেও কিছু কিছু বুথে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা দেখা দিচ্ছে। যা একেবারেই ভালো চোখে দেখেছে না রাজ্য নেতৃত্ব। একইসঙ্গে বুথ এলাকায় কর্মীদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্দেশ অনুসারে তাই এখন থেকেই বুথস্তরে গুটি সাজাতে শুরু করল তৃণমূল। জানা গিয়েছে, কোর কমিটিতে বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি সহ প্রথম সারির জনপ্রতিনিধিরা আছেন। ১৬ এপ্রিলের মধ্যে জেলাজুড়ে গোটা প্রক্রিয়াটা শেষ হবে। এক তৃণমূল নেতার কথায়, বুথস্তরে সংগঠন বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। তৃণমূলের ব্লক কমিটি সেই এলাকার নানা বিষয়ে পর্যালোচনা করবে। তবে শুধু গ্রামীণ এলাকায় নয়। শহর এলাকাতেও ভোট বাড়াতে একাধিক পদ্ধতি নেওয়া হচ্ছে। এছাড়া বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি স্তরে গোষ্ঠী কোন্দল কমিয়ে আনার নির্দেশও দিয়েছে জেলা নেতৃত্ব। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের বদনাম করার চেষ্টা করা হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক বলেন, দলের ঊর্ধ্বে কেউ নয়। দলের সিদ্ধান্ত সকলকেই মেনে চলতে হবে। তবে এনিয়ে কটাক্ষের সুর বিজেপির কথায়। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। তবে তৃণমূল দলের যে যত বেশি তোলা তুলতে পারবে, সেই সবচেয়ে বড় পদ পাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ