গাইঘাটায় মৃতার বাড়িতে প্রশাসনের কর্তারা, মিলল নাগরিকত্বের আশ্বাস
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সোমবার গাইঘাটায় মৃত কিশোরীর বাড়িতে যান উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, অতিরিক্ত জেলাশাসক, বনগাঁর মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন প্রশাসনের কর্তারা নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানান। এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। এসআইআরে নির্যাতিতার মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় সিএএতে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন নাগরিকত্ব পাওয়ার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছেন জেলাশাসক। মৃত কিশোরীর মা বলেন, প্রশাসনের কর্তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যাতে আমরা দ্রুত নাগরিকত্ব পাই, সে বিষয়ে সাহায্য করবেন বলেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নাগরিকত্ব পাওয়ার পর তাঁদের সাহায্যের বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisement

এদিকে, এদিন ওই কিশোরীর বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ওই বাড়িতে আসেন সিপিএম এবং কংগ্রেসের প্রতিনিধিরাও। তবে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন কংগ্রেসের প্রতিনিধিরা। খাদ্যমন্ত্রী বলেন, দোষীরা সর্বোচ্চ সাজা পাবে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস বলে কিছু নেই। দু’-একজন আসছেন বাজার গরম করতে। ঘটনার দিন রাতে ওই বাড়িতে গিয়ে কিশোরীর মরদেহে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।