Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আধার, প্যান, ঠিকাদারি লাইসেন্স পেয়েছিল ধৃত বাংলাদেশি রনি

আধার, প্যান, ঠিকাদারি লাইসেন্স পেয়েছিল ধৃত বাংলাদেশি রনি
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের জাফরপুরে দু’দিন আগে রনি মণ্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইডি। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে। চর্চা চলছে বারাকপুরে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে কয়েকদিন আগে ইডি তল্লাশি চালিয়েছিল। তাতে নারী পাচারের বড়সড় চক্রের হদিশ পাওয়া যায়। ঝাড়খণ্ডের একটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে ইডি আধিকারিকরা বড়সড় চক্রের হদিশ পান। গ্রেপ্তার করা হয় রনিকে।
Advertisement
কে এই রনি? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রনির বাড়ি বাংলাদেশে। তার এক দিদি বারাকপুর জাফরপুর মোড়ে থাকেন। ১০ বছর আগে সে দিদির বাড়িতে ওঠে। জামাইবাবুর ওষুধের দোকান রয়েছে। দিদির বাড়িতে থাকার সময় সে আধার, প্যান, ভোটার কার্ড তৈরি করে। দিদির বাড়ির ঠিকানা দেওয়া হয়। এরপর বারাকপুর পুরসভা থেকে ট্রেড লাইসেন্স বের করে। ২০২১ সালে সে দিদির বাড়ি ছেড়ে সে ওই এলাকাতেই একটি বাড়িতে ঘর ভাড়া নেয়। সেখানেই সে এতদিন থাকত। ভাড়া বাড়িতেই মঙ্গলবার হানা দেয় ইডি। 
জানা গিয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার হদিশ মিলেছে। সেই টাকার উৎস খোঁজার চেষ্টা চলছে। ঠিকাদারি ছিল তার লোক দেখানো, আড়ালে চলত নারী পাচারের কারবার। ঝাড়খণ্ডে নারী পাচারের যে চক্রের হদিশ ইডি আধিকারিকরা পেয়েছেন, সেই চক্রের সঙ্গে রনির যোগ রয়েছে বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 
ধৃতে জামাইবাবু বলছেন, রনি এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত তা জানা ছিল না। বাড়ির মালিক বলেন, ২০২১ সালে ঘর ভাড়া এসেছিল সে। বাড়িতে স্ত্রী পরিচয় দিয়ে এক মহিলা ছিলেন। অন্যান্যদের আসা যাওয়া ছিল। পুরসভার ঠিকাদার ছিল। ফলে, আমারও সন্দেহ হয়নি। পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, অনলাইনে ট্রেড লাইসেন্স পেয়েছে। কাগজপত্র ঠিক থাকার কারণে সে লাইসেন্স পেয়েছে। যে ধরনের অভিযোগ সামনে এসেছে, তাতে তার লাইসেন্স বাতিল করা হবে।
সম্পর্কিত সংবাদ