১৪ কোটি টাকা ব্যয়ে আসানসোলের প্রবেশপথ সংস্কার শুরু এডিডিএ-র
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল শহরকে ঢেলে সাজতে পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শহরের মূল প্রবেশ পথের রাস্তা সংস্কারে ১৪ কোটি টাকার বেশি বরাদ্দ করল এডিডিএ। এদিন রাস্তার কাজের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানটি হয় ইন্দিরা চকে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পোন্নমবলম এস, এডিডিএ সিইও রাজু মিশ্র। মলয় ঘটক বলেন, এমন রাস্তা তৈরি হতে চলেছে যা দিয়ে আসানসোল শহরের উন্নয়নের চিত্র প্রতিফলিত হবে। এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন, শুধু মার্চ মাসেই আমরা ৫০ কোটি টাকার বেশি কাজের সূচনা করেছি। আগামী ছ’মাসের মধ্যে কাজগুলি শেষও করা হবে। আসানসোলের জুবলিমোড় শহরের অন্যতম প্রবেশদ্বার। ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে শহরে ঢোকার মূল চওড়া রাস্তাটি যাচ্ছে ভগৎ সিং মোড় হয়ে বার্নপুরের ইন্দিরা চক পর্যন্ত। ইন্দিরা চককে অনেকে ইস্কো স্ক্রবগেট নামেই জানে। এই রাস্তার পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন, জেলাশাসক অফিস, পুলিস লাইন সহ নানা গুরুত্বপূর্ণ স্থান। এই রাস্তা ধরেও বাইরের মানুষ শহরে প্রবেশ করে ভগৎ সিং মোড় থেকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সেই রাস্তাকেই এবার বিশ্বমানের বানানোর উদ্যোগ নিল এডিডিএ। যার জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ কোটি ৯ লক্ষ ৭৫ হাজার, ২১৬ টাকা। রাস্তা ঝাঁ চকচকে হওয়ার পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে থাকবে ছোট ঝর্ণা। রঙিন আলোয় সেজে উঠবে রাস্তা মধ্যে থাকা রোটারিগুলি। বিদেশি রাস্তার আদলে লাগানো হবে বিশেষ গাছ। থাকবে রাস্তার পাশে বসার জায়গা।