Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘অভিনেতারা আয়নার মতো’

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দুনিয়ার নতুন সদস্য জয়দীপ অহলাওয়াত। আমাজন প্রাইম ভিডিও-র জনপ্রিয় এই সিরিজের তৃতীয় সিজনে খলচরিত্রে তিনি প্রশংসা পেয়েছেন নানা মহলে।

‘অভিনেতারা আয়নার মতো’
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দুনিয়ার নতুন সদস্য জয়দীপ অহলাওয়াত। আমাজন প্রাইম ভিডিও-র জনপ্রিয় এই সিরিজের তৃতীয় সিজনে খলচরিত্রে তিনি প্রশংসা পেয়েছেন নানা মহলে। এক সাক্ষাৎকারে এই জার্নি নিয়ে কিছু কথা ভাগ করে নিলেন অভিনেতা।

Advertisement

আকর্ষণের কেন্দ্রে
‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর চিত্রনাট্যে সবথেকে আকর্ষণীয় কী ছিল? ‘গল্প। সেটা আমার দারুণ আকর্ষণীয় লেগেছিল। আর এটা এমন এক ফ্র্যাঞ্চাইজি যেখানে ভুল হওয়ার সুযোগ প্রায় নেই। চিত্রনাট্যও দারুণ। আমার চরিত্রটি অনেক শক্তিশালী। তার উপর মনোজ স্যারের (বাজপেয়ি) সঙ্গে কাজ করার সুযোগ। ওঁর সঙ্গে যদি দু-লাইনের সংলাপ বলার সুযোগ থাকে, তার মূল্য অনেকখানি’, বললেন জয়দীপ।
চাপমুক্ত 
মনোজের মতো দাপুটে অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা কি বাড়তি চাপ? হেসে জয়দীপ বলেন, ‘শচীন তেন্ডুলকর যখন পিচে থাকেন, তখন অন্য খেলোয়াড়ের উপর কোনও বাড়তি দায়িত্ব থাকে না। কারণ হারের দায়ভার শচীনের উপরই যাবে। তাই শচীন দাঁড়িয়ে ছিলেন (অর্থাৎ, মনোজ বাজপেয়ি) বলে আমার উপর কোনও চাপ ছিল না। আমি জানি, ওঁর সঙ্গে যত দৃশ্য থাকবে, সেগুলোতে কোনও চাপ নেই। কারণ উনি সেগুলোকে খারাপ হতে দেবেনই না। আর মনোজ এমন এক অভিনেতা, যার সঙ্গে কাজ করে আপনি কিছু না কিছু শিখে বা নিয়ে বাড়ি ফিরবেন।’
রামধনু
চরিত্রের প্রস্তুতি নিয়ে বরাবরই খুঁতখুঁতে জয়দীপ। এবারও তার ব্যতিক্রম ছিল না। তাঁর কথায়, ‘রাজ ও ডিকে-র মতো পরিচালকের কাছে নিজেকে সঁপে দেওয়ার সিদ্ধান্তই ছিল আমার প্রস্তুতি। আমি মনে করি একজন অভিনেতা আয়নার মতো। অভিনেতার কাজ নিজেকে পরিষ্কার রাখা। আয়নার উপর যেন ধুলো না জমে। তাহলেই তারমধ্যে রামধনু তৈরি হবে।’
নজর 
নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন জয়দীপ। তার কারণ জানতে চাইলে হেসে বললেন, ‘নজর লেগে যাবে। তাই আড়ালে রাখি।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ