নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপাল তথা আচার্যের তীব্র আপত্তি সত্ত্বেও আজ, মঙ্গলবার যথারীতি সমাবর্তন উৎসব আয়োজিত হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে চিঠি পাঠিয়ে আচার্য সি ভি আনন্দ বোস জানিয়েছেন, এই সমাবর্তন অবৈধ। বহু আইন এতে লঙ্ঘিত হয়েছে। অনাবশ্যক তাড়াহুড়ো করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত পরিষদগুলিকেও অগ্রাহ্য করা হয়েছে। এমনকী, আচার্যের অফিসকে না জানিয়েই ১৭ জানুয়ারির এগজিকিউটিভ কাউন্সিল বৈঠকে সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রচুর খরচও করা হয়েছে আগাম অনুমতি না নিয়ে। সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যদিও, বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানিয়েছেন, আচার্য খোঁজ না নিয়েই এসব দাবি করেছেন। যে যে প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন, সেগুলি ভিত্তিহীন। তাছাড়া, এটি তাঁর এক্তিয়ারভুক্তও নয়। অক্টোবর থেকে কোর্ট মিটিংয়ের জন্য রাজ্যপালকে চিঠি পাঠানো হয়। তবে, তিনি তাতে সাড়া দেননি। সেই বৈঠক আচার্যকে জানিয়েই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডাকা হয়েছে। তাতে তিনি উপস্থিত না থাকলেও বৈঠক হবে। এটি সমাবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষক সমিতি জুটাও ছাত্রছাত্রীদের স্বার্থে সমাবর্তন আয়োজনের পক্ষেই মত দিয়েছে।



