সংবাদদাতা, কল্যাণী: শীতের আনাজ হিসেবে নামডাক রয়েছে ফুলকপির। যে কারণে শীতের শুরুর দিকে এই সব্জির দাম বরাবর চড়া থাকে। পরে ধীরে ধীরে দাম কমতে থাকে। এবারও শুরুটা হয়েছিল সেভাবেই। কিন্তু ধাপে ধাপে কমার বদলে এবার আচমকাই অনেকটা দাম কমে গিয়েছে ফুলকপির। কল্যাণী, চাকদহ, হরিণঘাটার বাজারে এখন একটি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। তিনটি একসঙ্গে কিনলে তার উপরেও ছাড় মিলছে। ২৫ টাকায় মিলে যাচ্ছে তিনটি ফুলকপি। একটু বড় সাইজের কপি ১৫-২০ টাকায় সহজেই পাওয়া যাচ্ছে। মদনপুর এলাকা কপি চাষের জন্য বিখ্যাত। এভাবে হঠাৎ দাম পড়ে যাওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে। চাকদহের বাসিন্দা স্বপন অধিকারী বলছিলেন, ‘কিছুদিন আগে এক-একটা কপি ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে। হঠাৎ করে এতটা দাম কমে যাওয়ায় আমরা ক্রেতারাও কিছুটা অবাক। তবে সব জিনিসেরই যা চড়া দাম, তাতে একটু কম খরচে ফুলকপি মিললে তো ভালোই।’ মৃত্যুঞ্জয় মালো নামে হরিণঘাটা ব্লকের এক চাষি বলেন, ‘শীতের সবে শুরু বলা যায়। এমন সনয় হঠাৎ দাম পড়ে গিয়েছে কারণ বাজারে জোগান বেশি হয়েছে। আসলে হঠাৎ ঠান্ডা কমে গিয়ে মেঘলা আবহাওয়া হলে ফুলকপি আংশিক নষ্ট হয়ে যায়। এবারও সেরকম পরিস্থিতি হওয়ায় ঝুঁকি না নিয়ে অনেকে ফুলকপি তুলে নিয়েছেন। বাজারে আমদানি প্রচুর হওয়ায় দাম কমেছে। আবার ঠান্ডা পড়লে চাষ ভালো হবে বলে আমাদের আশা।’ সব্জি বিক্রেতা সুবল বিশ্বাস বলেন, ‘একটু গরম পড়লেই ফুলকপি কেটে নিতে হয় ফুটে যাওয়ার ভয়ে। তখন দামটা কমে যায়। সেটাই হয়েছে। তবে শীতের শুরুতে কম দামে ফুলকপি পেয়ে ক্রেতারা খুশি।’



