সংবাদদাতা, বসিরহাট: আবাসের টাকা নিয়ে কেউ বাড়ি না করে অন্য কাজে ব্যবহার করলে, তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে এমন কড়া হুঁশিয়ারি দিলেন টাকি পুরসভার উপ পুরপ্রধান ফারুক গাজি। সম্প্রতি আবাস যোজনার সমীক্ষা সমাপ্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে উপভোক্তার টাকা পেতে শুরু করবেন। বুধবার টাকি পুরসভার উপ পুরপ্রধান সহ বেশ কয়েকজন পুরকর্মী পাড়ায় পাড়ায় যান। ফারুক গাজি বলেন, বিগত দিনে দেখেছি আবাস যোজনার টাকা নিয়ে অনেকে অপচয় করেন, বাড়ি করেন না। পরে তারাই চারিদিকে বলে বেড়ান, আমরা আবাস যোজনার বাড়ি পাইনি। তাই পাড়ায় পাড়ায় গিয়ে বলে এসেছি, আবাসের টাকা নিয়ে বাড়িই করতে হবে। তবে এই বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির যুবনেতা পলাশ সরকার বলেন, প্রতিটি পুরসভায় মানুষ আবাস যোজনার ঘর নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে তৃণমূল নেতাদের এইসব পদক্ষেপ হাস্যকর।



