সংবাদদাতা, বসিরহাট: আবাসের টাকা অ্যাকাউন্টে আসেনি। সেজন্য আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। রবিবার হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের ভেবিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। বাসিন্দাদের ক্ষোভ মূলত তৃণমূলের এক জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, এই ভেবিয়া পঞ্চায়েতে ২০১৮/২০১৯ সালের আবাসের যত উপভোক্তা আছেন, তাঁদের কারও অ্যাকাউন্টে আবাসের টাকা আসেনি। এক জেলা পরিষদের সদস্য বিভিন্ন কৌশলে সেই টাকা আটকে রেখেছেন বলে বিক্ষোভকারীদের অভিযোগ। অবিলম্বে উপভোক্তাদের আবাসের টাকা দেওয়ার দাবিতেই রাস্তা অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিস। পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।



