সংবাদদাতা, বসিরহাট: আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ গ্রামবাসীদের। শনিবার ঘটনাটি ঘটেছে হাসনাবাদ ব্লকের বরুণহাট পঞ্চায়েতের রামেশ্বরপুর ২৮ নম্বর বুথ এলাকায়। অভিযোগ, রামেশ্বরপুর দাসপাড়ার বেশ কিছু পরিবার একাধিকবার আবেদন জানালেও তাঁদেরকে আবাস যোজনার ঘর পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন অভিযোগ তুলে এদিন সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ওই গ্রামবাসীরা। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমেশ মণ্ডল বলেন, যদি আবাস যোজনায় নাম তুলতে কোনও ভুল হয়ে থাকে, তাহলে ফের তদন্ত করে ওই নামগুলি তোলা হবে।
Advertisement
এই বিক্ষোভ প্রসঙ্গে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল গাজি বলেন, ২০১৮-১৯ সালে তৎকালীন পঞ্চায়েতের কর্মকর্তাদের হাত ধরে তৈরি হয়েছিল আবাস যোজনায় ঘরপ্রাপকদের তালিকা। কিন্তু এখন আবাস যোজনার সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এনিয়ে নতুনভাবে সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার। যাঁদের নাম আগের তালিকায় নেই, এই সমীক্ষার মাধ্যমে তাঁদের নাম তোলা হবে। এনিয়ে এলাকায় অযথা বিক্ষোভ, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধী দলগুলি। আর বিজেপির যুবনেতা পলাশ সরকার বলেন, বসিরহাটের সর্বত্রই তৃণমূলের দুর্নীতি ধরা পড়ছে। আমরা চাই যাঁরা ঘর পাওয়ার যোগ্য, স্বচ্ছভাবে তাঁরাই ঘর পান।



