Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলতলির গ্রামে সমলিঙ্গের বিয়ে, দুই তরুণীকে কুর্নিশ জানালেন অভিষেক, এলাকার উন্নতিতে ২৫ লক্ষ টাকা খরচের ঘোষণা

সমাজের সব আগল ভেঙে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তরুণী রিয়া সর্দার ও রাখি নস্কর। সুন্দরবনের মাটিতে এমন দৃশ্য আগে কেউ দেখেনি।

কুলতলির গ্রামে সমলিঙ্গের বিয়ে, দুই তরুণীকে কুর্নিশ জানালেন অভিষেক, এলাকার উন্নতিতে ২৫ লক্ষ টাকা খরচের ঘোষণা
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সমাজের সব আগল ভেঙে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তরুণী রিয়া সর্দার ও রাখি নস্কর। সুন্দরবনের মাটিতে এমন দৃশ্য আগে কেউ দেখেনি। ভালোবাসার টানে এমন সাহসী সিদ্ধান্তের জন্য দুই তরুণীকে কুর্নিশ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে কুলতলিতে আয়োজিত এক অনুষ্ঠানে দু’জনকে সংবর্ধনা দেওয়া হয়। সেই মঞ্চে মথুরাপুরের সাংসদ বাপি হালদারের ফোনে অভিষেক বলেন, ‘দু’জনের নিষ্পাপ ভালবাসা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই বিবাহ বন্ধনের মাধ্যমে তাঁরা বুঝিয়ে দিলেন, ভালোবাসা মানে মানবতা। মানবতাই হল সমাজের আসল পরিচয়। আমি রাখি ও রিয়াকে কুর্নিশ জানাই। গোটা দেশের সামনে তাঁরা নজির গড়লেন।’ তবে শুধু বার্তা দেওয়াই নয়, ওই গ্রামে আসার ইচ্ছে প্রকাশ করেছেন অভিষেক।

Advertisement

কুলতলির জালাবেড়িয়া পঞ্চায়েতের পালেরচকে দু’জনের বিয়ের ব্যবস্থা করেছিল এলাকার শান্তি সংঘ ক্লাব। পুরানো ধ্যান-ধারণা ও রীতি-নীতি থেকে বেরিয়ে গ্রামবাসীরা উৎসবের মেজাজে তাঁদের ধুমধাম করে বিয়ে দিয়েছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ততার প্রশংসা করেছেন সাংসদ। এর জন্য ওই গ্রামে বাড়তি উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। অভিষেকের টেলিফোন বার্তার পর মথুরাপুরের সাংসদ ঘোষণা করেন, ‘যাঁরা দু’জন ভালোবাসার মানুষকে এক করেছেন, মর্যাদা দিয়েছেন, তাঁদের গ্রামের উন্নয়নে ২৫ লক্ষ টাকা খরচ করা হবে।’ সংবর্ধনা পেয়ে খুশি রিয়া ও রাখি। তাঁরা বলেন, ‘এভাবে মানুষের ভালোবাসা পাব, তা কখনও ভাবিনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ