Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএম প্রার্থীকে ‘ছেলের মতো’ বললেন এবার অভয়ার মা! দ্রুত ভোলবদলে প্রশ্ন পানিহাটিজুড়ে

রাতারাতি ভোল বদল। প্রার্থী হতে চেয়ে বিজেপিতে আবেদন করার দিন সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন আর জি করে নিহত ডাক্তারের মা রত্না দেবনাথ

সিপিএম প্রার্থীকে ‘ছেলের মতো’ বললেন এবার  অভয়ার মা! দ্রুত ভোলবদলে প্রশ্ন পানিহাটিজুড়ে
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাতারাতি ভোল বদল। প্রার্থী হতে চেয়ে বিজেপিতে আবেদন করার দিন সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন আর জি করে নিহত ডাক্তারের মা রত্না দেবনাথ। বলেছিলেন, ‘মেয়ের ঘটনার আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বামেরা।’ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে নিজের ছেলের মতোই বলে দাবি করেন তিনি। আগে তাঁরা সিবিআইয়ের বিরুদ্ধে বিষোদ্গারের পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও সরব হয়েছিলেন। অথচ, রাতারাতি বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। প্রায়ই তাঁর এই অবস্থান পরিবর্তন পানিহাটি জুড়ে প্রশ্ন তৈরি করেছে।

Advertisement

আর জি কর মেডিকেলে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পর রাজ্যজুড়ে আন্দোলনের ঝড় উঠেছিল। সেই আন্দোলনের পিছনে বামেদের পরোক্ষ ভূমিকা কেউই অস্বীকার করে না। ওই আন্দোলনে নেমে জেল খাটতে হয়েছিল কলতান দাশগুপ্তকে। অথচ, দীর্ঘ আন্দোলন পর্বে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই তদন্তের জন্য নির্যাতিতার বাবা ও মা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন। সেই সিবিআই কলকাতা পুলিশের তদন্তে যা প্রকাশিত হয়েছিল, তার বেশি কিছু না-পাওয়ায় সিবিআইয়ের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তাঁরা। বলেছিলেন, টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে সিবিআই। 
এরপর দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বারবার বসে থেকেও ব্যর্থ হওয়ায় তাঁদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। গত বুধবার সবাইকে অবাক করে দিয়ে এই দম্পতি বিজেপি দলের নেতাদের ফোন করে প্রার্থী হওয়ার আবেদন জানান! বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে স্বভাবসিদ্ধভাবে তৃণমূলকে আক্রমণ করেন। এমনকি তীব্র আক্রমণ করেন বামেদেরও। বলেছিলেন, বামেরা আন্দোলনের নামে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করেছে। বিচার পাইয়ে দেওয়ার বদলে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে আমরা বিচার না-পাই। ভোট কাটাকাটির অঙ্কেই বামপন্থীরা তৃণমূলকে টিকিয়ে রেখেছে। 
পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্তকে নিয়ে রত্না দেবনাথ বলেছিলেন, আমার মেয়ের কথা বলেই ভোট চাইছে। তাই আমরা নিজেরাই প্রার্থী হতে চেয়েছি। তাঁদের এই বক্তব্য আসতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে রাজ্যজুড়ে। বিজেপির প্রার্থী তালিকায় নাম আসতেই রাতারাতি বদলে গিয়েছে তাঁদের বয়ান। বৃহস্পতিবার প্রথমে তাঁরা সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে যান। সেখান থেকে ফিরে দুপুরে বাড়ি লাগোয়া নাটাগড় পাঁচকড়ি সাধুখাঁ রোডের একটি অন্নপূর্ণা পুজোর মণ্ডপে পুজো দেন। আশপাশের বাড়িতে প্রচারের পর রাজনৈতিক প্রতিপক্ষ কলতান দাশগুপ্ত সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কলতানের বিরুদ্ধে কিছু বলব না। ওরা আন্দোলন করেছে। কলতান আমার ছেলের মতো। 
এই বিষয়ে কলতানবাবু বলেন, যে-বিজেপি দেশের হয়ে মেডেল জেতা অ্যাথলিট নিগ্রহের বিচার দেয় না, হাথরাস, উন্নাওয়ের বিচার দিতে ব্যর্থ, তারা অভয়ার বিচারও দেবে না। তৃণমূল ও বিজেপি একই মুদ্রার দুই পিঠ। রাজনীতির রং না দেখে সেদিনও আমরা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে লড়াই করেছি। আগামী দিনেও লড়াই করব। সন্তানহারা পরিবার আক্রমণ করুক বা প্রশংসায় ভরিয়ে দিক—এনিয়ে আমার কোনো বক্তব্য নেই।

সম্পর্কিত সংবাদ