চণ্ডীগড়: বাইকে করে এক সহযোগীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাঞ্জাবের আপ নেতা গুরপ্রীত সিং ওরফে গোপি। গাড়ি নিয়ে মাঝরাস্তায় আচমকাই তাদের ধাওয়া করে চার দুষ্কৃতী। একটা সময় গুরপ্রীতকে বাগে পেয়ে পরপর গুলি চালায় তারা। বাইক থেকে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ফিরোজপুর থেকে ২৪ কিলোমিটার দূরে মামদোত এলাকায়। পুলিশ সুপার ভূপিন্দর সিং সাধু বলেন, দুষ্কৃতীদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। নির্বাচনের সময় কোনো বিবাদের জেরে এই হামলা বলে মনে করছে পুলিশ।



