মুম্বই, ১২ জুন: এবার সুপারহিরোর চরিত্রে আমির খান! না কোনও জল্পনা নয়, খোদ অভিনেতাই সেই কথা জানিয়েছেন। ‘সিতারে জামিন পর’ সিনেমার প্রচারে গিয়ে আমির জানিয়েছেন, তিনি এবার সুপারহিরোর চরিত্রে অভিনয় করবেন। আর সেই সিনেমার পরিচালক হবেন দক্ষিণের লোকেশ কনগরাজ। সিনেমাটি লার্জার স্কেলে শ্যুটিং হবে বলে জানা গিয়েছে। তামিল পরিচালক লোকেশ কনগরাজ ‘বিক্রম’, ‘লিও’-এর মতো সিনেমা বানিয়েছেন। যা বক্স অফিসে ব্যাপকভাবে সফল হয়েছে। আপাতত তিনি রজনীকান্তের ‘কুলি’ ও ‘কাইথি ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তারপরেই আমিরের সঙ্গে জুটি বাঁধবেন লোকেশ।
এই বিষয়ে এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘লোকেশ আর আমি একসঙ্গে একটি সিনেমা করছি। আগামী বছরে তার শ্যুটিং শুরু হবে। আপাতত কাইথি ২ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত লোকেশ। তাই পরের বছর আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে আমাদের সিনেমার কাজ।’ আমিরের এই ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা। কারণ ভারতে সুপারহিরো কেন্দ্রীক বেশ কিছু সিনেমা হয়েছে। তার মধ্যেই আমির খানকে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে ভেবেই আপ্লুত সিনেমাপ্রেমীরা। অপরদিকে আমিরের ‘সিতারে জামিন পর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২০ জুন। আমির ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে।