Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আশার আলো নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিটে

নিউ মার্কেট ও মার্কুইস স্ট্রিটে বাংলাদেশি পর্যটক ভিসা চালু, ব্যবসা ফের চাঙ্গা হতে পারে। বিস্তারিত পড়ুন।

আশার আলো নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিটে
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর দু’য়েকের ‘ব্ল্যাক আউট’ কাটিয়ে ছন্দে ফিরছে নিউ মার্কেটসহ সংলগ্ন মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট এলাকা। কারণ, বাংলাদেশের নাগরিকরা ভারতে আসার জন্য ফের পর্যটক ভিসা পেতে শুরু করেছেন। এই এলাকার হোটেল, পরিবহণ ব্যবসায়ীরা মনে করছেন, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে তাঁদের ব্যবসা ফের জমতে শুরু করবে। বছর দু’য়েক আগের সেই চেনা ছবি আবার ফিরে আসবে কলকাতার এই অংশে। 

Advertisement

সূত্রের খবর, বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য এতদিন কেবল মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছিল। তাই বাংলাদেশিদের কলকাতায় আসার সংখ্যা অনেকটাই কমে যায়। তাঁরা কলকাতায় এলে সাধারণত এই চত্বরেই থাকেন। তাই বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে মার খাচ্ছিল এখানকার হোটেল ব্যবসা। ওই এলাকার পরিবহণ ব্যবসায়ী সাবির আলি বলছিলেন, ‘সবে তো ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। মানুষের হাতে ভিসা আসতে কিছুদিন তো সময় লাগবে। সবটা ঠিকঠাক চললে আগামী মাস থেকে আমাদের ব্যবসা আবার আগের মতো হবে।’ বিগত কয়েক মাস বাংলাদেশ থেকে যেসব বাস এই মার্কুইস স্ট্রিটে এসেছে, তাতে যাত্রী সংখ্যা ছিল মেরে কেটে ৫-১০ জন। ফলে ব্যবসায় প্রচুর লোকসান হচ্ছিল। অনেকে বলছিলেন, অনলাইনে ভারতীয়রাই ৭০০-৮০০ টাকায় হোটেল বুক করছেন। সেই আগের মতো দাম আর নেই! মার্কুইস স্ট্রিটের হোটেল ব্যবসায়ী সুপ্রকাশ দেব বলেন, ‘এই কয়েক বছরে অনেকগুলো হোটেল উঠে গেল। যাদের লিজ নেওয়া ছিল, তারা আগেই ছেড়ে দিল। মেডিকেল ভিসায় তো নানা রকমের নথিপত্র দেখাতে হত। এখন ট্যুরিস্ট ভিসা হলে অনেক মানুষে আসতে পারবে। কিন্তু কতদিন বিষয়টা বজায় থাকবে, জানি না। যতদিন থাকে, সেটাই ভালো।’ বহু বছর ধরে নিউ মার্কেটে পোশাকের দোকান চালান মহম্মদ আরশাদ। তিনি বলেন, ‘আমাদের সারা বছরের যা বিক্রি, তার একটা বড়ো অংশের ক্রেতা এখানে আসা বাংলাদেশিরা। ওদেশে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করেছিল। সেদিন থেকে ব্যবসা মার খাচ্ছে। এখন শুনছি, সব আবার স্বাভাবিক হবে। আশায় আছি, দেখা যাক।’ 
এভাবেই আশায় বুক বাঁধছে নিউ মার্কেট ও সংলগ্ন চত্বর। এলাকার ব্যবসায়ীদের মধ্যে খুশির আবহ। এবার শুধু অপেক্ষা, কবে থেকে বাংলাদেশি পর্যটকরা কলকাতায় আসা শুরু করবেন। তার মধ্যেই অনেকে বলছেন, ‘পয়লা বৈশাখ, ইদের সময় কলকাতায় এসে বাংলাদেশের অনেক মানুষ কেনাকাটা করেন। এ বছর সেই সময়টা পেরিয়ে গিয়েছে। তাও মন্দের ভালো। আগের থেকে তো ব্যবসা ভালো হবে। সেটাই বা খারাপ কী!’    

Advertisement
সম্পর্কিত সংবাদ