সিকিমের একটি সরকারি ট্রাকে আগুন। আজ, মঙ্গলবার সকালে ১০ নম্বর জাতীয় সড়কে কালীঝোরার কাছে আচমকাই আগুন লেগে যায় ট্রাকটিতে। শিলিগুড়ির দিকে আসছিল ট্রাকটি। পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির চালক লক্ষ্য করেন, ট্রাকটিতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি ট্রাকের চালককে সতর্ক করেন। এরপরই ট্রাক চালক কৃষ্ণকুমার প্রধান রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে লাফ দিয়ে নেমে পড়েন। ট্রাকটি পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ওই ট্রাকে। কালিম্পং থেকে দমকল বাহিনী আসে। রংপো ডিপো থেকে আসেন সিকিমের বিভাগীয় আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনার জেরে শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী ১০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।



