সংবাদদাতা, ঘাটাল: সরকারি পাইপ দিয়ে তৈরি হয়েছে লাউমাচা। ঘাটাল ব্লকের অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ওই ‘কীর্তি’ দেখে হতবাক এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জলজীবন মিশন প্রকল্পের পাইপ নিয়ে উপপ্রধান তথা তৃণমূল নেতা গোপাল মাইতি তাঁর বাড়ির পাশের লাউমাচাতে লাগিয়েছেন। লাউমাচাতে সরকারি পাইপ ব্যবহার কথা স্বীকার করেছেন। গোপালবাবু বলেন, তবে ওগুলো জলজীবন মিশন প্রকল্পের পাইপ নয়। ওই পাইপ আমি কৃষিদপ্তর থেকে টাকা দিয়ে নিয়ে এসেছি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় জল জীবন মিশনের পাইপ পাতার কাজ চলছিল। সেখান থেকেই বেশ কয়েকটা পাইপ নিয়ে গোপালবাবু লাউমাচা তৈরি করেছেন। স্থানীয়দের আপত্তিতে গোপালবাবু কর্ণপাত করেননি। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন গোপালবাবু। তিনি বলেন, আমি জলজীবন মিশনের পাইপ ব্যবহার করিনি। ওই পাইপগুলি আমি কৃষিদপ্তর থেকে সাড়ে ছ’ হাজার টাকা দিয়ে এনেছিলাম। পাইপগুলি যেখানে সেখানে ফেলে রাখলে বেঁকে যেতে পারে। তাই বাঁশের মাচার উপরে রাখা হয়েছিল। মাচার নীচে লাগানো লাউ গাছ সেই পাইপ বেয়ে উঠেছে। লাউ চাষের জন্য পাইপ ব্যবহার করা হয়নি।
এদিকে ঘাটাল মহকুমার এক সহকারী কৃষি অধিকর্তা বলেন, রাজ্য সরকারের ৪৫ শতাংশ এবং কেন্দ্রীয় সরকারের ৫৫ শতাংশ ভর্তুকিতে চাষিদের সেচের জন্য কালো পাইপ দেওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প রয়েছে। সেই প্রকল্পে পাইপগুলি দেওয়ার সময় চাষিদের কাছ থেকে শুধুমাত্র জিএসটি চার্জ নেওয়া হয়। সেই পাইপগুলিও ওই ভাবে লাউ মাচা তৈরির কাজে ব্যবহার করা ঠিক হয়নি।-নিজস্ব চিত্র