পুজোয় নেল এক্সটেনশন করেছেন। তার যত্ন নেবেন কীভাবে? জানালেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য।
সকাল-বিকেল নতুন পোশাকে সাজবাহার চলছে। ষষ্ঠীতে সালোয়ার পরেছেন। আজ সপ্তমীর জন্য বেছে রেখেছেন কুর্তি। অষ্টমীর শাড়ির সঙ্গে কোন লুকে সাজবেন, তাও নিশ্চয়ই ঠিক হয়ে গিয়েছে। কমপ্লিট মেকওভারও করে পুজোয় রেডি আপনি। নতুন পোশাক কেনাকাটার পাশাপাশি রূপচর্চাও করেছেন। এবছর ট্রেন্ডে রয়েছে নেল এক্সটেনশন। কয়েকবছর আগেও নখের সাজ নিয়ে আলাদা করে ভাবতেন না অনেকেই। যুগ বদলেছে। নেল এক্সটেনশনের দিকে ঝুঁকেছেন নানা বয়সের মহিলা। এখনও হাতে সময় আছে। করিয়ে নিতে পারেন আজই। তাছাড়া নখের পরিচর্যা করার পর তার যত্ন দরকার। নখ সাজিয়ে তুলতে কী কী করবেন, তার পরামর্শ দিলেন ‘গ্লিটজ নেল স্টুডিও বাই প্রেরণা’র কর্ণধার তথা অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য।
• নেল এক্সটেনশন কী
সহজ কথায়, নিজের আসল নখের উপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে নখের দৈর্ঘ্য ও আকার বাড়িয়ে নেওয়াই হল নেল এক্সটেনশন। সেই নখে নানারকম কারুকাজ করা যায়। সাময়িকভাবে তা হাতের ভোল বদলে দেয়। কারও নখ স্বাভাবিকভাবে ছোটো হলে বা সহজেই ভেঙে যাওয়ার সমস্যা থাকলে এক্সটেনশনের মাধ্যমে পছন্দমতো লম্বা নখ তৈরি করা যায়। বিশেষ দিনে সাজসজ্জার গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে নেল এক্সটেনশন। এর জন্য বিল্ডার জেল সহ বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়। এক্সটেনশনের বিভিন্ন ফর্মও রয়েছে। ফলে আপনি নিজের পছন্দ অনুযায়ী নখের দৈর্ঘ্য, আকার ও ডিজাইন বেছে নিতে পারেন।
• পুজোর ট্রেন্ড
পুজোর মরশুমে নেল এক্সটেনশনে বেশ কিছু নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। এবছর খুব গাঢ় রঙের বদলে মিউটেড শেড বেশি পছন্দ করেছেন অনেকে। এছাড়াও ক্যাটস আই নেল আর্ট বেশ জনপ্রিয়। নজর কেড়েছে আইসোলেটেড ক্রোম।
• কতদিন থাকবে
নেল এক্সটেনশনের স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে নখের যত্নের উপর। ঠিকমতো যত্ন নিলে এক্সটেনশন প্রায় এক মাস পর্যন্ত ভালো থাকতে পারে। তবে এর মধ্যে নিজের আসল নখ বাড়তে থাকে। ফলে কিউটিক্যালের কাছ থেকে একটি সাদা অংশ দেখা দেয়। এই কারণে সাধারণত ২০-২৫ দিনের মধ্যে রিফিলিং করিয়ে নিলে এক্সটেনডেড নেল আরও অনেকদিন ভালো থাকে।
• এক্সটেনশনের যত্ন
নেল এক্সটেনশন করানোর পর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। নখ দিয়ে কিছু খোলা, কোনো কিছু খোঁচানো, স্ক্র্যাচ করা বা শক্ত জিনিস তোলার চেষ্টা করা উচিত নয়। দাঁত দিয়ে নখ কামড়াবেন না। এক্সটেনশন করানোর পর নিয়মিত কিউটিক্যাল অয়েল ব্যবহার করুন। এতে নখের কিউটিক্যাল আর্দ্র থাকে। রাতে ময়েশ্চারাইজার লাগাতে হবে।
• কোন বয়সে নিরাপদ
নেল এক্সটেনশন সাধারণত ১৮ বছর বয়সের পর করানো উচিত। কিশোরীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নেল পলিশ করা যেতে পারে। নেল এক্সটেনশন কেবল অভিনেত্রী, মডেল বা কর্মরত মহিলাদের জন্য— এমন ধারণা ঠিক নয়। গৃহবধূরাও নেল এক্সটেনশন করাতে পারেন। নিয়মিত জল ঘাঁটা, রান্না করা বা কাপড় কাচার সঙ্গে নেল এক্সটেনশন করা যায় না, এমন ধারণা ঠিক নয়। তবে কাজের ধরন অনুযায়ী নখের যত্ন নেওয়া এবং নখকে অতিরিক্ত চাপ থেকে বাঁচানোও প্রয়োজন।
শান্তনু দত্ত



