পুলিস দিবসে এক ঘণ্টার আইসি হয়েই বড় সাফল্য পেলেন। আজ, সোমবার পুলিস দিবসে এক ঘণ্টার জন্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির দায়িত্ব দেওয়া হয় প্রিয়দত্তা গুহ নামের এক পড়ুয়াকে। সে জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্রী। দায়িত্ব পেয়েই প্রিয়দত্তা, পদক্ষেপ নিলেন হারানো বার্থ সার্টিফিকেট নতুন করে তৈরি করে দেওয়ার বিষয়ে। এমনকী মোবাইল হারানোর ক্ষেত্রে কী পদক্ষেপ করতে হবে, তা নিয়েও নিলেন বিশেষ উদ্যোগ। শুধু তাই নয়, রাতের শহরকে আরও সুরক্ষিত করতে নির্দেশ দিলেন থানার আধিকারিকদের। তার এই ভূমিকার প্রশংসা করলেন দুঁদে পুলিস অফিসাররাও। বড় হয়ে পুলিস হতে চায় প্রিয়দত্তা। সেই কারণে পুলিসের কাজকর্ম সম্পর্কে জানাতেই এদিন তাকে এক ঘণ্টার জন্য আইসি করা হয়।



