নয়াদিল্লি: দেশজুড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ৯২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র। শনিবারএক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিভিন্ন বাহিনীর সম্মিলিত অভিযানে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এর ফলে নিষিদ্ধ সংগঠনের অর্থের জোগান ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধারাবাহিক অভিযানে ‘শহুরে নকশাল’দের মনোবলও ব্যাপক ধাক্কা খেয়েছে। ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। গত কয়েকমাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রাণ গিয়েছে একাধিক শীর্ষ মাওবাদী নেতার। অনেকে আত্মসমর্পণও করেছেন। কেন্দ্র জানিয়েছে, সময়সীমার মধ্যে মাওবাদীদের নির্মূল করতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি আলাদা দল গঠন করা হয়েছে। এনআইএ-র ওই দল সাম্প্রতিক সময়ে ৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এছাড়া বিভিন্ন রাজ্য সরকারি সংস্থা আরও ৪০ কোটি টাকা ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।



