নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ২৪ ঘণ্টা জ্বলছে ৯০০ বাতি! সম্প্রতি শিলিগুড়ি শহরে সার্ভে করে এমন তথ্য পেয়েছে পুরসভা। এতে পুরসভার বিদ্যুৎ মাশুল বাড়ছে। সেই সঙ্গে শহরে অসংখ্য এলইডি লাইট বিকল। বহু বিদ্যুতের খুঁটি বিপজ্জনক। সংশ্লিষ্ট সমস্যাগুলি দূর করতে রাজ্য সরকারের কাছে ৬ কোটি টাকা চেয়েছে পুরসভা।
পুরসভার এক অফিসার বলেন, বিদ্যুতের ওই সমস্যাগুলি মেটানোর জন্য রাজ্য সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে। অর্থের অনুমোদন মিললেই সমস্যাগুলি মেটানোর কাজে হাত দেওয়া হবে। এই মুহূর্তে বিকল লাইটগুলি পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত মজুমদার বলেন, বর্ষার জন্য কিছু পথবাতি বিকল হয়েছে। পুজোর আগেই সেগুলি পালটে শহরের রাস্তা আলোকিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গায় ২৪ ঘণ্টা পথবাতি জ্বলে থাকে। পুরসভা সূত্রের খবর, শহরে ২৪ ঘণ্টা জ্বলছে প্রায় ৯০০ লাইট। যার অধিকাংশ শহরের সংযোজিত এলাকায় রয়েছে। পুরসভার এক অফিসার বলেন, ওই পথবাতিগুলি সর্বক্ষণ জ্বলে থাকায় পুরসভার বিদ্যুৎ খরচ কমছে না। এই সমস্যা মেটানোর জন্য ওই লাইটগুলির ফেজ পরিবর্তন করতে হবে।
এছাড়া, শহরে প্রচুর বিদ্যুতের খুঁটিতে আর্থিং নেই। বর্ষার মরশুমে সংশ্লিষ্ট খুঁটিগুলি বিপজ্জনক হয়ে রয়েছে। পুরসভার বিদ্যুৎ বিভাগের এক অফিসার বলেন, শহরে ৯ হাজার বিদ্যুতের খুঁটিতে আর্থিং করা হয়েছে। আরও কিছু খুঁটি করা বাকি রয়েছে। সেই তালিকা তৈরি করা হয়েছে। এরবাইরে শহরে প্রায় ১৩২০টি এলইডি লাইট বিকল রয়েছে। আর নতুন করে কিছু এলাকায় এলইডি লাইট বসানো হবে। বিকল লাইট পরিবর্তন এবং নতুন করে বাতিস্তম্ভ বসানোর কাজ পুজোর আগেই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলির জন্য ৬ কোটি টাকা রাজ্যের কাছে চাওয়া হয়েছে। এজন্য দশদিন আগেই রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে।