নিজস্ব প্রতিনিধি, লন্ডন: একসময় এক নিঃশ্বাসে উচ্চারিত হতো কলকাতা ও লন্ডনের নাম। গঙ্গাপারের কলকাতা এখন মেতে উঠেছে মহামায়ার আরাধনায়। টেমসের পারেও একই উদ্দীপনায় চলছে দেবীর আবাহনের প্রস্তুতি। শুধু লন্ডন নয়, পুজোর উত্তেজনায় ফুটছে গোটা ব্রিটেন। ইন্ডিয়ান বেঙ্গলিস ইন ইউকে (আইবিইউকে) জানাচ্ছে, ব্রিটেনজুড়ে এবার প্রায় ৮৭টি পুজো তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি একেবারে নতুন।
দেবী আরাধনায় ব্রতী হয়েছে গ্রেটার ম্যানচেস্টার বেঙ্গলি হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন। তিন দশকের বেশি সময় ধরে পুজো করছে তারা। এবার অ্যাসোসিয়েশনের পুজো হবে উইথিংটনের গান্ধী হলে। সংস্থার পক্ষে অভিষেক ভোল বলেন, ‘দুর্গাপুজো শুধু আমাদের কাছে একটি উৎসব নয়, আমাদের একসূত্রে বাঁধতেও এর জুড়ি নেই।’ ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এবার এখানে পুজোর আয়োজন করা হয়েছে। নজর কেড়েছে ‘আড্ডা স্লাও’-এর পুজোও। এবার তাদের পুজোর থিম ‘চায়ে চুমুক, আড্ডা জমুক’। এ প্রসঙ্গে সংস্থার পক্ষে প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, ‘দুর্গাপুজোর সময় এই স্থান বাঙালিদের মিলনক্ষেত্র হয়ে ওঠে। কলকাতার ম্যাডক্স স্কোয়ারের মতোই চেহারা নেয় এই পুজো মণ্ডপ। আমাদের পুজো এবার ৭ বছরে পড়ল। চলবে ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর।’ ‘প্রয়াস ইউকে’র পুজো আবার তৃতীয় বছরে পড়ল। ৩-৫ অক্টোবর পুজোর আয়োজন করা হয়েছে ইঘমের হাইথি সেন্টারে। সংস্থার পক্ষে ভাস্কর ভট্টাচার্য জানান, পুজোয় দিনগুলিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, ‘ইয়ে শাম মস্তানি নামের অনুষ্ঠানে গান গাইবেন জয় ভৌমিক। তাছাড়া সঙ্গীতানুষ্ঠানে যোগ দেবেন ইন্দ্রানী দত্ত এবং এয়ার ইন্ডিয়ার ব্রিটেন ও ইউরোপ শাখার প্রাক্তন রিজিওনাল ম্যানেজার দেবাশিস গোলদার।’
লন্ডনের পুজোগুলির মধ্যে রয়েছে ‘লন্ডন শারদ উৎসব’ও। স্থানীয়দের কাছে ইয়ালিং দুর্গাপুজো নামে পরিচিত এই পুজো। এবার তাদের পুজো সরে গিয়েছে নতুন স্থানে। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, এতদিন তাদের পুজো হতো ইলিং টাউন হলে। এবারে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পুজো হবে ইলিংয়ের গানার্সবারি পার্ক স্পোর্টস হাবে। ১৯৮৯ সাল থেকে পুজোর আয়োজন করছে ‘মিল্টন কেইনস আনন্দ ক্লাব’। এবার তাদের পুজো হবে পাঁচদিন—২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর। সিম্পসন ভিলেজের বিরাট অনুষ্ঠানস্থলে এবারে মিলবে শান্তিনিকেতনের অনুভূতি। কবিগুরু রবীন্দ্রনাথের চিন্তাকে আলপনার মাধ্যমে তুলে ধরা হবে। এই আলোচনায় অবশ্যই উল্লেখ করতে হবে ‘মেডওয়ে ঐক্যতান কালচারাল অ্যাসোসিয়েশন’-এর পুজোর কথা। এ বছর তাদের পুজো পড়ল তৃতীয় বছরে। মাত্র চারটি পরিবারের হাত এই পুজোর সূচনা। মাত্র তিন বছরের মধ্যেই এই পুজো হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলনক্ষেত্র। ২-৫ অক্টোবর দ্য চার্লস হোটেলের ডিকেন্স হল ১৫-তে অনুষ্ঠিত হবে। সংস্থার পক্ষে স্নেহাংশু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের উৎসবের এবারের থিম লন্ডনের আইকনিক টেলফোন বুথ। নিজেদের হাতে এটি তৈরি করেছেন সদস্যরা।’