


বিদ: পেটের দায় বড় বালাই! দু’বেলা পেট ভরাতে কত কিছুই না করতে হয় মানুষকে। সম্প্রতি মহারাষ্ট্রের বিদ জেলার এক হৃদয়বিদারক ছবি প্রকাশ্যে এসেছে। প্রতি বছর এই জেলা থেকে বিভিন্ন রাজ্যের আখ খেতে কাজ করতে যান প্রায় দেড় লক্ষ শ্রমিক। বিদের পরিযায়ী শ্রমিকদের এই দলে রয়েছেন প্রায় ৮০ হাজার মহিলা। তাঁদের মধ্যে ৮৪৩ জন কাজে যাওয়ার আগে হিস্টেরেক্টোমি (জরায়ু অপসারণ) করিয়েছেন। অধিকাংশের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। আবার অন্তঃসত্ত্বা অবস্থাতেই খেতে কাজ করেছেন ১ হাজার ৫২৩ মহিলা। ৩ হাজারের বেশি মহিলা শ্রমিক অ্যানিমিয়ার শিকার। সদ্য সমাপ্ত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টেই প্রকাশ পেয়েছে দারিদ্র্য ও শোষণের এই করুণ ছবি। বিষয়টি প্রকাশ্যে আসতেই সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল রাজ্য সরকার।
প্রতি বছর দীপাবলির সময় বিদ থেকে গুজরাত সহ একাধিক রাজ্যে পাড়ি দেন শ্রমিকরা। আখ কাটতে বিভিন্ন খেতে পৌঁছে যান। ছ’মাস কাজ করে আবার মার্চ-এপ্রিল নাগাদ বাড়ি ফিরে আসেন তাঁরা। সরকারি প্রকল্পের অংশ হিসেবে কাজে যাওয়ার আগে ও ফেরার পর শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবারও চেক আপ হয়েছিল। তাতেই সামনে এসেছে হাড়হিম করা এই তথ্য। রিপোর্ট অনুযায়ী, ৮৪৩ মহিলা শ্রমিক জরায়ু অপসারণের জন্য অস্ত্রোপচার করিয়েছেন। তাঁদের মধ্যে ৪৭৭ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তলপেটে ব্যথা, সংক্রমণ সহ বিভিন্ন কারণে যাতে কাজে কামাই না হয়, তার জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হয়েছেন তাঁরা। অন্যদিকে, পেট চালাতে অন্তঃসত্ত্বা অবস্থায় খেতে কাস্তে হাতে কাজ করেছেন ১ হাজার ৫২৩ জন। বিদের ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ডাঃ শচীন শেকড়ের কথায়, ‘আখ খেতের পরিযায়ী শ্রমিকদের রুটিন স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট থেকেই এই তথ্য জানা গিয়েছে।’ ছবি: সমাজ মাধ্যম