দেরাদুন: মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত দেরাদুন। প্রকৃতির সেই তাণ্ডবের ভয়ংকর এক ভিডিও সামনে এসেছে। প্রবল বৃষ্টির জেরে খরস্রোতা হয়ে উঠেছে টনস নদী। সেখানে আটকা পড়েছে একটি ট্রাক্টর। নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া সেই ট্রাক্টরকে আঁকড়ে ধরেই প্রাণরক্ষার চেষ্টা করছেন ১০ শ্রমিক। ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার করছেন। কিন্তু তাঁদের সেই আর্তিই সার! নদীর ধারে জড়ো হওয়া স্থানীয় মানুষ কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তা বুঝে ওঠার আগেই ট্রাক্টরটি উল্টে গিয়ে ভেসে গেল। রিপোর্ট অনুযায়ী, ওই ১০ শ্রমিকের মধ্যে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। বাকিদের কোনও হদিশ নেই। তবে কীভাবে শ্রমিক সহ ট্রাক্টরটি মাঝ নদীতে গিয়ে পড়ল তা স্পষ্ট নয়।



