


বেঙ্গালুরু: অপারেশন সিন্দুরে পাকিস্তানের অন্তত ছ’টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ভারত। শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। পাক বিমান ধ্বংস করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, ভারত যে বিমানগুলি ধ্বংস করেছে তার মধ্যে পাঁচটি পাকিস্তানের ফাইটার জেট। অন্য বিমানটি আকারে বড়। সেটিকে আকাশপথে নজরদারি বা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করত পাকিস্তান। তবে কী ধরনের ফাইটার জেট ভারত ধ্বংস করেছে, তা অবশ্য জানাননি বায়ুসেনা প্রধান।
পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিন্দুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারত পাকিস্তানের কোনও সেনাঘাঁটিতে হামলা চালায়নি। কিন্তু পাক সেনা পাল্টা হামলা করে। এরপরই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এদিন বায়ুসেনা প্রধান বলেন, ‘আমাদের এস-৪০০ সিস্টেম অসাধারণ কাজ করেছে। তা গেম চেঞ্জারের ভূমিকা নিয়েছিল। এর জন্যই পাকিস্তানের যুদ্ধবিমানগুলি তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে পারেনি। পাকিস্তানের ছোড়া কোনও অস্ত্র এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারেনি।
এয়ার চিফ মার্শাল আরও জানান, পাকিস্তানের বড় বিমানটিকে ৩০০ কিলোমিটার দূর থেকে টার্গেট করা হয়েছিল। ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে শত্রু বিমানকে ধ্বংস করার ক্ষেত্রে এটা ভারতের রেকর্ড। পাশাপাশি অপারেশন সিন্দুর পরিচালনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক নেতৃত্বেরও প্রশংসা করেছেন বায়ুসেনা প্রধান। তিনি জানান, সেনাবাহিনীকে পরিকল্পনা ও আক্রমণের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। ফলে কতটা আক্রমণ করা হবে, তা নিয়ে সেনা নিজেই সিদ্ধান্ত নিয়েছে। তিন বাহিনীর মধ্যে নির্ভুল সমন্বয় রক্ষার জন্য চিফ অব ডিফেন্স স্টাফকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। যদিও পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ মুনিরের সাফাই, তাঁদের বাহিনীর কোনও বিমানই ধ্বংস হয়নি।
এদিকে, এয়ার চিফ মার্শালের বক্তব্যের পরেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। দলের সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, আজ বায়ুসেনা প্রধানের বক্তব্যে নতুন তথ্য সামনে এল। ফলে ১০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন হঠাত্ অপারেশন সিন্দুর বন্ধ করে দিলেন, তা অবাক করার মতো বিষয়। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর উপর চাপ কোথা থেকে এল? তিনি কেন এত তাড়াতাড়ি আত্মসমর্পণ করলেন?