Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬

রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগ, শূন্যপদ কমছে না

কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া এখন অনেক সহজ। এমন দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেছেন, গ্রুপ সি এবং ডি পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করা অথবা স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পদ্ধতিকে মসৃণ করা সব ক্ষেত্রেই কর্মপ্রার্থীদের অনেক সুবিধা করে দেওয়া হয়েছে।

রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগ, শূন্যপদ কমছে না
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া এখন অনেক সহজ। এমন দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেছেন, গ্রুপ সি এবং ডি পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করা অথবা স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পদ্ধতিকে মসৃণ করা সব ক্ষেত্রেই কর্মপ্রার্থীদের অনেক সুবিধা করে দেওয়া হয়েছে। হিন্দি ও ইংরেজির পাশাপাশি ১৩টি ভারতীয় ভাষায় নিয়োগ পরীক্ষা দেওয়া যায় এখন।

Advertisement

এই সব সুবিধা প্রদানের মাধ্যমে  কেন্দ্রীয় নিয়োগ প্রক্রিয়ায় বিগত ১৯ বার রোজগার মেলা হয়েছে এবং শূন্যপদে রেকর্ড নিয়োগ হয়েছে বলে তাঁর দাবি। শনিবার রোজগার মেলা উপলক্ষ্যে ৫১ হাজার নতুন কেন্দ্রীয় চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মোদি। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় কর্মীর সংখ্যা হবে ৩৬ লক্ষ। আগামী ৬ মাসের মধ্যে অন্তত ২ লক্ষ নতুন কেন্দ্রীয় সরকারি চাকরি হবে। এই সংখ্যায় পৌঁছনো রেকর্ড বলে দাবি করেছে সরকার। শনিবার পর্যন্ত ২০ বার রোজগার মেলার আয়োজন করা হয়েছে। ২০২২ সাল থেকে ১২ লক্ষ নতুন চাকরির নিয়োগ করা হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে দাবি করা হলেও শূন্যপদ থেকে যাওয়ার প্রবণতা কিন্তু কমছে না। আগস্ট মাস পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও ৮ লক্ষ ২৩ হাজার পদ শূন্য হয়ে রয়েছে ৮০টি কেন্দ্রীয় সরকারি মন্ত্রক এবং বিভাগে। একদিকে ২০২২ সাল থেকে ১২ লক্ষ নিয়োগ হয়েছে বলে দাবি করা হচ্ছে। আবার অন্যদিকে, এখনও ৮ লক্ষ ২৩ হাজার শূন্যপদ রয়ে গিয়েছে কেন? কারণ, সরকারি সূত্রের খবর, গড়ে প্রতি বছরই অন্তত ৬০ হাজার কর্মী অবসর গ্রহণ করছে। ২০২২ সালের জুনে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই ১০ লক্ষ সরকারি চাকরি দেবেন। সেই সময় ৯ লক্ষ ৭৯ হাজার পদ ছিল শূন্য। ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এত চাকরি দেওয়ার পরও ৮ লক্ষ ২৩ হাজার পদ শূন্য। তথ্য জানার অধিকার আইনে আগস্টে তা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারে পদের সংখ্যা ৩৯ লক্ষ ২৩ হাজার। বর্তমানে প্রায় ৩১ লক্ষ কর্মী রয়েছেন। সবথেকে বেশি শূন্যপদ রেলে। প্রায় আড়াই লক্ষ। সুতরাং রোজগার মেলা হয়েই চলেছে, অথচ শূন্যপদও রয়েই যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ