Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৫০ হাজার নিয়োগ রাজ্যে, ডিএ ঘোষণা ২২ জুনের বাজেটে

শুধু মহার্ঘ ভাতা নয়, কর্মসংস্থানও অগ্রাধিকারের তালিকায়। লক্ষ্য দীর্ঘদিন জমে থাকা শূন্যপদ পূরণ। আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারি চাকরিতে ৫০ হাজার নিয়োগ সুনিশ্চিত করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ৫ জুনের মধ্যে প্রকাশ করা হবে নয়া নিয়োগ নীতি।

৫০ হাজার নিয়োগ রাজ্যে, ডিএ ঘোষণা ২২ জুনের বাজেটে
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু মহার্ঘ ভাতা নয়, কর্মসংস্থানও অগ্রাধিকারের তালিকায়। লক্ষ্য দীর্ঘদিন জমে থাকা শূন্যপদ পূরণ। আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারি চাকরিতে ৫০ হাজার নিয়োগ সুনিশ্চিত করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ৫ জুনের মধ্যে প্রকাশ করা হবে নয়া নিয়োগ নীতি। খুব শীঘ্রই বিভিন্ন সরকারি পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। সোমবার নবান্নে চারটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। নিরাশ করেননি বকেয়া ডিএ নিয়েও। শুভেন্দুবাবু জানিয়েছেন, বকেয়া ডিএ মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে রাজ্য সরকার। আগামী ২২ জুন ডবল ইঞ্জিন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। সেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ৪২ শতাংশ ফারাক মেটানোর লক্ষ্যে বড়ো অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণা হবে। একইসঙ্গে আগামী জানুয়ারি মাস থেকে সপ্তম পে কমিশন কার্যকর হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বৈঠক শেষে একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন শ্যামল মিত্র, মলয় মুখোপাধ্যায়, দেবাশিস শীল, ভাস্কর ঘোষ সহ চারটি সংগঠনের প্রতিনিধিরাই। তাঁদের দাবি, সম্প্রতি রাজ্যের প্রকাশিত বাক স্বাধীনতা সংক্রান্ত অর্ডার কর্মচারী সংগঠনের জন্য কার্যকরী নয় বলেও জানিয়েছে রাজ্য সরকার। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ নিয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এদিনের বৈঠকে। যদিও সূত্রের খবর, তাদের স্থায়ীকরণ হলে স্থায়ী পদে নিয়োগ ধাক্কা খাবে বলে মনে করছে রাজ্য সরকার।    

Advertisement

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব সহ পদস্থ আধিকারিকরা। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতে ডিএ নির্ধারণের নীতি অনুসরণ করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। আগামী সাত দিনের মধ্যে কলকাতার পেনশনারদের বকেয়া ডিএ ছাড়ার জন্য অর্থ সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার কেন্দ্রের মতো রাজ্যেও সরকার-কর্মচারী ‘জয়েন্ট কনসালটেটিভ কমিটি’ তৈরির প্রস্তাব নিয়েও আলোচনা হয়।
এদিন বৈঠক চলাকালীনই পূর্বতন সরকারের আমলে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নিয়োগ দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন কর্মী সংগঠনের প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণভাবে এরপরেই  পিএসসি  চেয়ারম্যান দেবল রায়কে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে নবান্ন। আগামী ৪ জুন তিনি পদত্যাগ করবেন।

সম্পর্কিত সংবাদ