নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একটা, দু’টো নয়। সারা দেশে প্রতিদিন প্রায় পাঁচ হাজার নতুন ইউজার আইডি তৈরি হচ্ছে। আর সেইসব আইডি ব্যবহার করে আইআরসিটিসির (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ওয়েবসাইট থেকে ট্রেনের ই-টিকিটও কাটছেন রেল যাত্রীরা। শনিবার নয়াদিল্লির রেলভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল বোর্ডের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেছেন। সেই বৈঠকেই রেলমন্ত্রীকে ওই পরিসংখ্যান জানিয়েছেন রেলের আধিকারিকরা। কিন্তু প্রতিদিন যে হাজার হাজার আইআরসিটিসির ইউজার আইডি তৈরি হচ্ছে, তার সবই কি বৈধ? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একপ্রকার আশ্বস্ত করেই আধিকারিকরা জানিয়েছেন, ইতিপূর্বে এমন ইউজার আইডি আরও বেশি তৈরি হতো। আধিকারিকদের খতিয়ান, আগে প্রতিদিন আইআরসিটিসির প্রায় এক লক্ষ ইউজার আইডিও তৈরি হতো। কড়াকড়ি শুরু হওয়ার পর এই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। সম্প্রতি রেল জানিয়েছে, তিন কোটিরও বেশি ভুয়ো এবং সন্দেহজনক আইআরসিটিসি ইউজার আইডিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।



