নতুন করে হিংসায় মণিপুরে নিহত ৫, কঠোর মুখ্যমন্ত্রী
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও ইম্ফল: নতুন করে হিংসায় উত্তপ্ত মণিপুর। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। সেইসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়েছে অন্তত ১৪টি ঘরবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর তাঁর বার্তা, রাজ্যে স্থায়ী শান্তি ফেরানোই তাঁর প্রধান লক্ষ্য। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের বিজেপি সরকার উন্নত মণিপুর তৈরিতে বদ্ধপরিকর। ‘বিকশিত ভারত’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিকশিত মণিপুর গড়ার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে শনিবার থেকে নাগা-কুকি (জো) সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচজনের। তাঁদের চারজন কামজং এবং অপরজন উখরুলের বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কামজং জেলাপ্রশাসন চাসাদ এলাকায় ১৬৩ ধারা জারি করেছে। পাঁচজনের বেশি জমায়েত করা চলবে না। এইরমধ্যে জেলার কাংপোকিতে কুকিরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। হিংসায় রাজ্যে নতুন করে মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান এবং ভারত-মায়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন। 

Advertisement