Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক: কেন্দ্রের গড়িমসিতে বাড়ছে অসন্তোষ

সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা চালু রাখার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল দু’বছরেরও বেশি আগে। কিন্তু সেই বিষয়ে এখনও কোনও পদক্ষেপ না-হওয়ায় ক্ষোভ জমছে ব্যাঙ্ক কর্মী-কর্তাদের। কবে সিদ্ধান্ত কার্যকর হবে, জানতে চান তাঁরা।

সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক: কেন্দ্রের গড়িমসিতে বাড়ছে অসন্তোষ
  • ২২ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা চালু রাখার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল দু’বছরেরও বেশি আগে। কিন্তু সেই বিষয়ে এখনও কোনও পদক্ষেপ না-হওয়ায় ক্ষোভ জমছে ব্যাঙ্ক কর্মী-কর্তাদের। কবে সিদ্ধান্ত কার্যকর হবে, জানতে চান তাঁরা। এদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবি করেছে, বিষয়টি নিয়ে কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের বিবেচনায় রয়েছে এবং শীঘ্রই তা কার্যকর হবে। কিন্তু ওই আশ্বাস সন্তুষ্ট করতে পারছে না কর্মীদের। তাঁদের কথায়, সরকার নীরবতা ভেঙে স্পষ্ট করে জানাক তাদের সিদ্ধান্ত।

Advertisement

ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের দীর্ঘদিনের দাবি ছিল, সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখা হোক। বর্তমানে রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। যেহেতু প্রতি শনিবারই ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাই সপ্তাহের বাদবাকি কাজের দিনগুলিতে বেশি সময় পরিষেবা দিতেও রাজি কর্মী-অফিসাররা। তাঁদের সেই দাবি ব্যাঙ্কগুলির সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) মেনে নিয়েছে। তারা নীতিগত সিদ্ধান্ত জানিয়েও দিয়েছে। এবার অর্থমন্ত্রকের ছাড়পত্র মিললেই নয়া নিয়ম কার্যকর হওয়ার কথা, এমনটাই দাবি তাদের। কিন্তু বাস্তবে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। কয়েকমাস আগে দেশজুড়ে যে ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছিল, সেখানেও অন্য‌তম ইস্যু ছিল পাঁচদিনের পরিষেবা। 
ধর্মঘট যাতে না-হয়, তার জন্য কেন্দ্রীয় শ্রম কমিশনারের অফিসে ডাকা হয় ত্রিপাক্ষিক বৈঠক। সেখানেও আশ্বাস দেওয়া হয়, কেন্দ্রীয় সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই বিবেচনা করছে। সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে। সেই আশ্বাসেই সেবারের মতো ধর্মঘট স্থগিত রাখা হয়েছিল। কিন্তু তারপরও কোনও অগ্রগতি হয়নি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, একবার যখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখার ব্যাপারে আমাদের দাবি মেনে নিয়েছে, তখন বিষয়টিতে অহেতুক দেরির কোনও অর্থ হয় না। আমাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তাদের সিদ্ধান্ত ঘোষণা করুক। যদি তারা পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা চালু না করে, তাহলে সেটাও স্পষ্ট করে জানাক। সেইমতোই পদক্ষেপ করব আমরা। কেন্দ্রের দীর্ঘ নীরবতা আমরা মানব না।

সম্পর্কিত সংবাদ