নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: উত্তরবঙ্গের পাহাড় সমতলে তালিকা থেকে বাদ গেল ৪ লক্ষ ৮১ হাজার ৩০৮ জন ভোটার। এরমধ্যে মৃতের সংখ্যাই সর্বাধিক, ২ লক্ষ ২৪ হাজার ৯৪৫ জন। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এমন তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। তারা বিএলওদের মাধ্যমে বুথে বুথে খসড়া ভোটার তালিকাও পাঠিয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন ভোটাররা।
গত ৪ নভেম্বর এসআইআরের সূচনা করে কমিশন। তা চলে ১১ ডিসেম্বর পর্যন্ত। এদিন আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রশাসন সূত্রে খবর, ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে ২৭টি বিধানসভা কেন্দ্রের ভোটার ছিল ৭২ লক্ষ ১৮ হাজার ১৬। এবার বাদ পড়েছেন ৪ লক্ষ ৮১ হাজার ৩০৮ জন। বর্তমানে এখানকার ভোটার সংখ্যা ৬৭ লক্ষ ৩৬ হাজার ৭০৮।
ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে জলপাইগুড়ি জেলায়। এখানকার সাতটি বিধানসভা কেন্দ্রে বাদ পড়া ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ১০৭। এরমধ্যে মৃতের সংখ্যাই বেশি, ৬৬ হাজার ৪১৮ জন। শুনানিতে ডাকা হবে ৭৭ হাজার ৪৩৯ জনকে। খসড়া তালিকায় জেলায় সবচেয়ে বেশি ৩৮ হাজার ৩৭৭ ভোটারের নাম বাদ গিয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে। মালে ২১ হাজার ১৩৫, নাগরাকাটায় ১৮ হাজার ৭৮৬, রাজগঞ্জে ১৫ হাজার ৮৭৭, জলপাইগুড়িতে ১৪ হাজার ৬৪৮, ধূপগুড়িতে ১৪ হাজার ১৮৫ এবং ময়নাগুড়িতে ১০ হাজার ৯৯ জনের নাম বাদ পড়েছে।
অন্যদিকে, দার্জিলিং জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা পাঁচটি। এখানে ছাঁটা হয়েছে ১ লক্ষ ২২ হাজার ২১৪ জনের নাম। যারমধ্যে মৃত ৪৯ হাজার ৯৪৯। এরবাইরে স্থানান্তরিত, নিখোঁজ ভোটারও আছেন।
জেলায় সবচেয়ে বেশি ভোটার কমেছে বিজেপির কব্জায় থাকা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে, ৩১ হাজার ১৬৫। এরবাইরে মাটিগাড়া-নকশালবাড়িতে ২৮ হাজার ৩৬০, দার্জিলিংয়ে ২৫ হাজার ৯৩৫, কার্শিয়াংয়ে ১৮ হাজার ৩৯৪ ও ফাঁসিদেওয়ায় ১৮ হাজার ৩৬০ জনের নাম বাদ পড়েছে। এতে জেলায় ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৭০ হাজার ৬৪৩। প্রোজেনি বা অভিভাবকের নামহীন ভোটারের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৩৫৯।
কোচবিহারের ন’টি বিধানসভা কেন্দ্রের ভোটার ছিল ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। তালিকা থেকে বাদ গিয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৩৭০ নাম। যারমধ্যে মৃত ভোটারের সংখ্যাই সংখ্যাই বেশি, ৫৮ হাজার ৭৮০। বর্তমানে জেলার ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৭৭ হাজার ৪১৯ জন। আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে এতদিন পর্যন্ত ভোটার ছিল ১২ লক্ষ ৯৯ হাজার ৪৮৬। এবার বাদ পড়েছে ৯৫ হাজার ২৮৬। এরমধ্যে মৃত প্রায় ৪৫ হাজার। জেলায় সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে কালচিনি কেন্দ্রে, ২৩ হাজার ৩৭৭।
এরবাইরে কুমারগ্রামে ১৪ হাজার ৭৬৪, আলিপুরদুয়ারে ২১ হাজার ১৯৭, ফালাকাটায় ১৪ হাজার ৮৬৬ ও মাদারিহাটে ২১ হাজার ৬২ জন রয়েছেন। এখন জেলার ভোটার ১২ লক্ষ ৪ হাজার ২০০। কালিম্পংয়ে ভোটার ছিল ২ লক্ষ ২০ হাজার ৮৬২। ১৭ হাজার ৩৩১ ভোটারের নাম বাদ গিয়েছে। এরমধ্যে মৃতই ৪৭৮৯ জন। এখানে ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩ হাজার ৫৩১ জন।