Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

করোনার ‘উপসর্গ’ নিয়ে এখনও ভুগছেন বিশ্বের ৪০ কোটি মানুষ

করোনার ‘উপসর্গ’ নিয়ে এখনও ভুগছেন বিশ্বের ৪০ কোটি মানুষ
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার সেইসব স্মৃতি কারও তিন বছরের, কারও আবার চার কিংবা পাঁচ বছরের পুরনো। কোভিড নেগেটিভ হয়ে যাওয়ার পর রোগটি কিন্তু প্রায় ৪০ কোটি মানুষকে পুরোপুরি ছাড়েনি! অন্তত তাই বলছেন গবেষকরা। ‘পোস্ট কোভিড’ বা ‘লং কোভিড’ নামে থেকে গিয়েছে ভারত থেকে ভেনিজুয়েলা, মায়ানমার থেকে মেক্সিকো—বিশ্বজুড়েই। 

Advertisement

চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা বলছেন, প্রায় ২০০ ধরনের উপসর্গ নিয়ে কোভিড ১৯ আজও হাজির একদা করোনা আক্রান্তদের বড় অংশের দেহেই। এই পরিস্থিতিতে বিশ্বকে আরও একবার সতর্ক করতে ফ্যাক্ট শিট প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানাল,  লং কোভিডের প্রধান চারটি উপসর্গের কথা। সেগুলি হল, ক্লান্তি, অনিদ্রা, গাঁটে গাঁটে বা মাংসপেশির ব্যথা ও শ্বাসকষ্ট। হু জানিয়েছে, অল্পবয়সি, মহিলা, ধূমপায়ী, স্থূলকায়, কোমরবিডিটি থাকা মানুষজনের মধ্যে লং কোভিডের উপসর্গ বেশি থাকছে। 
লং কোভিড নিয়ে অসংখ্য‌ গবেষণায় প্রায় ২০০টি উপসর্গের কথা উঠে এসেছে। হু উল্লেখিত প্রধান চারটি উপসর্গ ছাড়াও কয়েকটি উপসর্গ হল, গলাব্যথা, বুকে ব্যথা, মাথাব্যথা, বুক ধড়ফড়, ভালো করে চিন্তা করতে না পারা, উৎকণ্ঠা প্রভৃতি। 
করোনা পর্বে আইডি হাসপাতালে পোস্ট কোভিড আউটডোর শুরু করেছিলেন কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, আউটডোর চলাকালীন লং কোভিডের যে ক’টি প্রধান উপসর্গ দেখেছিলাম, তার অন্যতম ছিল শ্বাসকষ্ট, ফুসফুসের স্থায়ী ক্ষতি, অসম্ভব উদ্বেগ প্রভৃতি। কিন্তু আজও আমার দ্বিধা রয়েছে যে শুধু করোনার জন্য‌ই এইসব ক্ষতি হয়েছে, নাকি কোভিড ভ্যাকসিনের জন্য। দেশের মেডিসিন বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ডাঃ জ্যাোর্তিময় পাল বলেন, অল্পবয়সিদের মধ্যে শ্বাসকষ্ট ও হার্টের অসুখ এমনকী সাডেন কার্ডিয়াক ডেথ বেড়ে যাওয়া লং কোভিডের অন্যতম উপসর্গ। বিষয়টি রীতিমতো উদ্বেগজনক।

সম্পর্কিত সংবাদ