Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লির দ্বারকায় বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত ৩

দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল তিনজনের।

দিল্লির দ্বারকায় বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত ৩
  • ১০ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ জুন: দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। আজ, মঙ্গলবার দিল্লির দ্বারকার সেক্টর ১৩-এ একটি বহুতলের আট ও ন’তলায় আচমকাই আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। আবাসিকদের উদ্ধারের জন্য ব্যবহার করা হয় স্কাই ল্যাডারও। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছিলেন দমকলের কর্মীরা। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও ইঞ্জিন।

Advertisement

ওই বহুতলের বিভিন্ন ফ্ল্যাট থেকে আবাসিকদের নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়। শুধুমাত্র আটতলায় আটকে পড়ে একটি পরিবার। আগুনের হাত থেকে বাঁচতে আটতলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন ওই পরিবারের কর্তা ও তাঁর দুই সন্তান। যার ফলে তাদের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত ব্যক্তির নাম যশ যাদব। তাঁর স্ত্রী ও আরও এক সন্তানকে জখম অবস্থায় উদ্ধার করেন দমকলের কর্মীরা। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দমকলের তরফে জানানো হয়েছে, ওই আবাসনের সকল আবাসিকদের সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। শুধুমাত্র যশ যাদবের পরিবারের ক্ষেত্রেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, এখনও আগুন নেভানোর কাজ চলছে। ওই আবাসনের গ্যাস ও বিদ্যুতের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কিন্তু কীভাবে আগুন লাগল, সেটা এখনও পর্যন্ত বুঝতে পারেনি দমকল। খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলের এক কর্মী। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিসও। 

সম্পর্কিত সংবাদ