তিন জেলার ২৫টি চা বাগান বন্ধ, শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিটিডব্লুইউ
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: এ বছর পুজোর বোনাস পরবর্তী সময় থেকে উত্তরবঙ্গে চা শিল্পের হাল আরও খারাপ হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং তিন জেলায় বর্তমানে বন্ধ ও অচল বাগানের সংখ্যা ২৫টি। বোনাস পরবর্তী সময় থেকে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতেই ছ’টি চা বাগান বন্ধ হয়েছে। উত্তরবঙ্গের তিন জেলার এই বন্ধ ও অচল বাগান খুলতে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করল বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউ। বুধবার রাতে কলকাতায় শ্রমমন্ত্রীর অফিসে এই বৈঠক হয়। মন্ত্রীর সঙ্গে বৈঠক বিটিডব্লুইউয়ের চার সদস্যের দলটিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ বারলা। 

Advertisement

ওই বৈঠকের পর বৃহস্পতিবার রাজেশ বারলা বলেন, উত্তরবঙ্গে বর্তমানে অচল ও বন্ধ বাগানের সংখ্যা ২৫টি। ওসব বাগান চালু করতে শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। মন্ত্রী আমাদের জানিয়েছেন বন্ধ বাগান খুলতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে। আগামী ১০-১২ দিনের মধ্যে কয়েকটি বন্ধ বাগান খোলার চেষ্টা চলছে। 
বারলা আরও বলেন, শ্রমমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বন্ধ বাগান খুলতে উদ্যোগী হয়েছেন। বন্ধ বাগানের দায়িত্ব নিতে নতুন সংস্থাকে জেলাশাসকদের কাছে আবেদন করতে বলা হয়েছে। 
এদিকে, বন্ধ বাগানের দায়িত্ব নেওয়ার সময় এবার রাজ্য সরকার নতুন সংস্থার কাছে একগুচ্ছ শর্ত রাখতে পারে। তারমধ্যে অবশ্যই প্রথম শর্ত হল বন্ধ বাগানের শ্রমিকদের বকেয়া মজুরির দায়িত্ব নিতে হবে নতুন মালিককে। রাজেশ বারলা জানান, সেক্ষেত্রে রাজ্য সরকার নতুন মালিকদের কয়েক কিস্তিতে শ্রমিকদের বকেয়া মজুরি মেটানোর সুযোগ দিতে পারে।