আবুধাবি, ১৬ ডিসেম্বর: পূর্বাভাস ছিলই, ক্যামেরন গ্রিনকে কিনতে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। আর আবুধাবিতে আজ, মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলাম শুরু হতেই সকলকে চমকে দিলে কেকেআর। অজি তারকা ক্যামেরন গ্রিনকে রেকর্ড দামে কিনে নিল শাহরুখ খানের দল। যদিও সেই কাজ সহজ ছিল না। কারণ ক্যামেরন গ্রিনকে কিনতে কেকেআরের সঙ্গেই ঝাঁপায় চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস। তবে চেন্নাই বনাম কেকেআরের লড়াই ছিল দীর্ঘ। তাতে শেষ হাসি হাসে কলকাতা নাইট রাইডার্স। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় গ্রিনকে কিনেছেন তারা। মিনি নিলামের আগে ভেঙ্কটেশ আয়ার সহ একাধিক খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল কেকেআর কর্তৃপক্ষ। আন্দ্রে রাসেল অবসর নিয়ে কলকাতার পাওয়ার কোচের দায়িত্বে।
তাই মিডল অর্ডারে অলরাউন্ডার ক্রিকেটারের প্রয়োজন ছিলই শাহরুখের দলের। তাই গ্রিনের দিকেই ঝুঁকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। মত ক্রীড়াপ্রেমীদের। এরই সঙ্গে ২৫ কোটি ২০ লক্ষ টাকা গ্রিনের দাম ওঠায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি প্লেয়ার হয়েছেন তিনি। তবে এই অর্থ তিনি পাবেন না বলেই জানা গিয়েছে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা করেছে ১৮ কোটি টাকার বেশি কোনও বিদেশি খেলোয়াড় পাবে না। বাকি টাকা ব্যয় হবে খেলোয়াড়দের কল্যাণে। সেই মতোই গ্রিন পাবেন ১৮ কোটি টাকা। বাকি ৭ কোটি ২০ লক্ষ টাকা যাবে বিসিসিআইয়ের কাছে। আবুধাবিতে এখনও চলছে মিনি নিলাম। যার মধ্যে উত্তরপ্রদেশের প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস। জম্মু ও কাশ্মীরের আকিব ডারকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটলস। এছাড়াও কেকেআর শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছে। এখনও চলছে মিনি নিলাম। এক ঝলকে দেখে নিন কারা কারা দল পেলেন
আকিল হুসেনকে ২ কোটি টাকায় কিনল চেন্নাই
রবি বিষ্ণোইকে ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস
নোর্তজেকে ২ কোটি টাকায় কিনল লখনউ
জ্যাকব ডাফিকে ২ কোটি টাকায় কিনল আরসিবি
ফিন অ্যালেনকে ২ কোটি টাকায় কিনল কেকেআর
বেন ডাকেটকে ২ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটলস
১ কোটি টাকায় ডি’কককে কিনল মুম্বই
ভেঙ্কটেশ আয়ারকে ৭ কোটি টাকায় কিনল আরসিবি
হাসারাঙ্গাকে ২ কোটি টাকায় কিনল লখনউ
২ কোটি টাকায় ডেভিড মিলারকে কিনল দিল্লি ক্যাপিটলস
কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল চেন্নাই
৩০ লক্ষ টাকায় কার্তিক তিয়াগিকে কিনল কেকেআর
নোর্তজেকে ২ কোটি টাকায় কিনল লখনউ
৩০ লক্ষ টাকায় ভিগনেশ পুথুরকে কিনল রাজস্থান
৩০ লক্ষ টাকায় প্রশান্ত শোলাঙ্কিকে কিনল কেকেআর
৯০ লক্ষ টাকায় সুশান্ত মিশ্রকে কিনল রাজস্থান রয়্যালস
১ কোটি টাকায় নমন তেওয়ারিকে কিনল লখনউ