Bartaman Logo
৯ জুন, ২০২৬

২২৪৩ কোটি, মোট অনুদানের ৮৮ শতাংশই বিজেপির ঝুলিতে, এডিআর রিপোর্ট

ফের দেশের অন্য সমস্ত জাতীয় রাজনৈতিক দলকে টেক্কা বিজেপির। ২০২৩-২৪ অর্থবর্ষে ২০ হাজার বা তার বেশি টাকা অনুদানের হিসেব অনুযায়ী বিজেপির আয় হয়েছে ২ হাজার ২৪৩ কোটি টাকারও বেশি।

২২৪৩ কোটি, মোট অনুদানের ৮৮ শতাংশই বিজেপির ঝুলিতে, এডিআর রিপোর্ট
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের দেশের অন্য সমস্ত জাতীয় রাজনৈতিক দলকে টেক্কা বিজেপির। ২০২৩-২৪ অর্থবর্ষে ২০ হাজার বা তার বেশি টাকা অনুদানের হিসেব অনুযায়ী বিজেপির আয় হয়েছে ২ হাজার ২৪৩ কোটি টাকারও বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) জানিয়েছে, ৮ হাজার ৩৫৮ জনের অনুদান থেকে বিজেপির তহবিলে এই পরিমাণ অনুদান জমা পড়েছে। এডিআর রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, মোট ১২ হাজার ৫৪৭টি অনুদান থেকে দেশের জাতীয় দলগুলির তহবিলে জমা পড়েছে ২ হাজার ৫৪৪ কোটি ২৮ লক্ষ টাকা। গত অর্থবর্ষের তুলনায় যা ১৯৯ গুণ বেশি। যার মধ্যে ৮৮ শতাংশই অবশ্য বিজেপির।

Advertisement

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া পরিসংখ্যানে জানা গিয়েছে, ২০২২-২৩ সালে বিভিন্ন ব্যক্তি, ট্রাস্ট ও কর্পোরেট সংস্থার কাছ থেকে বিজেপি ৭১৯.৮৫৮ কোটি টাকা অনুদান পেয়েছিল। পরের অর্থবর্ষে তা বেড়ে হয় ২ হাজার ২৪৩.৯২৪ কোটি টাকা। যা ২১১.৭২ শতাংশ বেশি। অনুদান বাবদ আয়ের দৌড়ে অবশ্য বেশ অনেকটাই পিছিয়ে কংগ্রেস। ২০২৩-২৪ অর্থবর্ষে ১ হাজার ৯৯৪টি অনুদান থেকে হাত শিবিরের তহবিলে জমা পড়েছে ২৮১ কোটি ৪৮ লক্ষ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে কংগ্রেসের আয় হয়েছিল ৭৯.৯২৪ কোটি টাকা। বিজেপি, কংগ্রেসের তুলনায় অনুদান বাবদ আয়ে অনেকটাই পিছিয়ে আম আদমি পার্টি, সিপিএম, ন্যাশনাল পিপলস পার্টি। এর মধ্যে অবশ্য ‘শূন্য’ অনুদানে নজির গড়েছে বহুজন সমাজ পার্টি। গত ১৮ বছরের মতো এবারও তাদের অনুদান ২০ হাজার টাকার কম।
সূত্রের খবর, কোন দল অনুদান বাবদ কত টাকা পেয়েছে, তা জানানোর জন্য দিনক্ষণ নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন। কিন্তু সেই নির্ধারিত সময়ের মধ্যে (৩০ সেপ্টেম্বর, ২০২৪)  আপ ও বহুজন সমাজ পার্টি ছাড়া আর কোনও দল তথ্য জমা দেয়নি। বিজেপি ৪২ দিন, সিপিএম ৪৩ দিন ও কংগ্রেস ২৭ দিন পর রিপোর্ট জমা দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ