সংবাদদাতা, কাকদ্বীপ: সৌরপ্রকল্পের বিভিন্ন সামগ্রী চুরি ও বিক্রির অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধৃত দুই পঞ্চায়েত সদস্যের নাম প্রদ্যোত বর্মন ও অতিথিবন্ধু দাস। জানা গিয়েছে, প্রদ্যোতবাবু এক সময়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। বর্তমান তিনি পঞ্চায়েত সদস্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫ বছর আগে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের রাখালপুর এলাকায় এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে এখানে বিদ্যুৎ পৌঁছে গেলে সেটি বন্ধ হয়ে যায়। অভিযোগ, এরপর থেকে ওই প্রকল্পের বিভিন্ন সামগ্রী চুরি হতে থাকে। বর্তমান এই ঘটনার সঙ্গে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজনের নাম জড়িয়েছে। পরে তাঁদের নাম উল্লেখ করে গোবর্ধনপুর কোস্টাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শনিবার দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী শঙ্কর নারায়ণ মান্না বলেন, সৌরপ্রকল্পের বিভিন্ন সামগ্রী চুরি ও বিক্রির অপরাধে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।