শ্রীনগর: উপত্যকায় অব্যাহত জঙ্গি বিরোধী অভিযান— অপারেশন অখাল। এই নিয়ে টানা ন’দিন ধরে দফায় দফায় গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে। শনিবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান। জখম আরও দু’জন।
শ্রীনগর: উপত্যকায় অব্যাহত জঙ্গি বিরোধী অভিযান— অপারেশন অখাল। এই নিয়ে টানা ন’দিন ধরে দফায় দফায় গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে। শনিবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান। জখম আরও দু’জন।
সেনা বাহিনীর চিনার কোর জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ল্যান্স নায়েক প্রিতপাল সিং ও সিপাই হরমিন্দর সিং শহিদ হয়েছেন। এই কঠিন সময়ে বাহিনী তাঁদের পরিবারের পাশে রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, আরও দুই জওয়ান জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে মোট ন’জন নিরাপত্তা বাহিনীর সদস্য জখম হয়েছেন। প্রশাসন সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের পুলিস প্রধান নলিন প্রভাত ও সেনার নর্দান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা অপারেশন অখালের উপর নজর রাখছেন। ঘন জঙ্গলের মধ্যে জঙ্গিদের হদিশ পেতে ড্রোন ও হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। নামানো হয়েছে প্যারা কমান্ডোদেরও।
এদিকে, স্বাধীনতা দিবসের আগে নাশকতামূলক কার্যকলাপ ঠেকাতেও তৎপর প্রশাসন। এই লক্ষ্যে শনিবার জঙ্গিদের সঙ্গে সম্পর্ক যুক্ত প্রায় ৪০টি জায়গায় হানা দিল নিরাপত্তা বাহিনী। পুলিস সূত্রে খবর, বর্তমানে পাকিস্তান বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে রয়েছে কাশ্মীরের বহু জঙ্গি। এদিন মূলত তাদের বাড়িতেই তল্লাশি চলেছে। শনিবার সকালেও কিস্তোয়ার জেলায় বিভিন্ন দলে ভাগ হয়ে একসঙ্গে ২৬টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তালিকায় হিজবুল কমান্ডার মহম্মদ আমিন ভাট ওরফে জেহানগির সারোরি রয়েছে। ৯’এর দশকে এই জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল আমিন। শুক্রবার দোহা জেলাতেও একাধিক জঙ্গির বাড়িতে হানা দেয় নিরাপত্তা বাহিনী। যদিও কোনও গ্রেপ্তারি বা অস্ত্রসস্ত্র উদ্ধারের খবর নেই। ছবি: পিটিআই