বিশাখাপত্তনম, ১১ জুলাই: চার বছর পরে অন্ধ্রপ্রদেশের কডপা জেলায় কোভিড-হানা। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও চারজনের শরীরে মিলেছে ভাইরাস সংক্রমণের প্রমাণ। গোটা ঘটনায় স্বভাবতই নড়েচড়ে বসেছে প্রশাসন। যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিবর্তে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সংক্রমিত চারজনের মধ্যে তিনজনের উপসর্গ অত্যন্ত মৃদু। তাঁরা আপাতত হোম আইসোলেশনে আছেন। অন্য একজনকে ভর্তি করা হয়েছে কডপার স্থানীয় হাসপাতালে। ‘বিশেষ কোভিড ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে’ বলে সূত্রের খবর।
এক আধিরারিক বলেন, ‘আক্রান্ত চারজনের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়। প্রত্যেকেই কোভিড ভ্যাকসিনের দু’টি করে ডোজ নিয়েছিলেন। একজনের আবার বুস্টার ডোজও নেওয়া ছিল।’
ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২৮ জুন। বছর ৬০ বয়সি এক ব্যক্তিকে তিরুপতির এসভিআইএমএস থেকে সিএমসি ভেলোরে আনা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আরটি-পিসিআর টেস্টে কোভিড ধরা পড়ে। তাঁর ডায়াবেটিস, কিডনির সমস্যা সহ নানা কোমর্বিডিটি ছিল। কোভিডের দ্বিতীয় বলি হয়েছেন বছর ৪৩ বয়সি এক যুবক। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিশদ তথ্য এখনও জানা যায়নি।