নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের এসটিএফের অফিসাররা মঙ্গলবার বড়বাজার এলাকা থেকে ৩ লক্ষ তিন হাজার টাকার জালনোট সহ দুই ব্যক্তিকে পাকড়াও করে। তাঁদের নাম মহম্মদ আখতার ও মহম্মদ আবিদ। বুধবার ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। বিচারক তাদের একজনকে জেল,অন্যজনকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন আদালতে জানান, দুই জালনোট পাচারকারীই কলকাতার বাসিন্দা। মহম্মদ আখতার নামে যুবকটি জালনোট পাচার করতে এসেছিলেন মহম্মদ আবিদের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে আগেভাগেই এসটিএফের অফিসাররা সাদা পোশাকে বড়বাজার এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। ওই জালনোট লেনদেনের সময়ই পুলিস তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। কোথা থেকে ওই জালনোট নিয়ে আসা হয়েছে, এর পিছনে কোনও চক্র জড়িত কি না, পুলিস তা তদন্ত করে দেখছে। সরকারি কৌঁসুলি জানান, বাজেয়াপ্ত জালনোট পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিন ধৃতদের তরফে জামিনের আর্জি জানানো হলেও বিচারক সেই আর্জি নাকচ করে দেন।



