নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জল সীমানা লঙ্ঘন করে সুন্দরবন দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। এই অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানা। ১২ সেপ্টেম্বর ট্রলার সহ এদের প্রথমে ধরেছিল বিএসএফ। রবিবার তাঁদের থানার কাছে হস্তান্তর করা হয়। সেনার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারত বাংলাদেশ সীমানা লাগোয়া ক্ষীরদখালির কাছে এই মৎস্যজীবীদের মাছ ধরতে দেখে সন্দেহ হয়েছিল বিএসএফের। জওয়ানরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তখনই জানা যায়, ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন ওই ১৯ জন। এরপর ট্রলার সহ আটক করে তাঁদের নিয়ে যান জওয়ানরা। আবহাওয়া খারাপ থাকার কারণে একদিন দেরিতে থানায় এসে সবাইকে দিয়ে যান তাঁরা।-নিজস্ব চিত্র



