Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটের কুসুমদই গ্রামে পুড়ে ছাই ১৫ বিঘা জমির খড়

এবার রাতের অন্ধকারে রামপুরহাটের কুসুমদই গ্রামে চাষির মজুত রাখা খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫ বিঘা জমির খড়।

রামপুরহাটের কুসুমদই গ্রামে পুড়ে ছাই ১৫ বিঘা জমির খড়
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: এবার রাতের অন্ধকারে রামপুরহাটের কুসুমদই গ্রামে চাষির মজুত রাখা খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫ বিঘা জমির খড়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অধিকাংশ খড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এর আগে নভেম্বর মাসে দু’দফায় এই গ্রামের ন’জন কৃষকের জমির ধানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই সময় পুলিশের কাছে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছিলেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। আশিসবাবু বলেন, কেন বারবার একই ঘটনা ঘটছে, বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলছি। কুসুমদই গ্রামের বাসিন্দা অনন্ত ঘোষ বর্তমানে পরিবার নিয়ে রামপুরহাটে থাকেন। ওই গ্রামে থাকেন তাঁর পিসতুতো ভাই মিন্টু মণ্ডল। তিনি বলেন, রবিবার মধ্যরাতে খবর পাই, খড়ের পালুইয়ে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। তড়িঘড়ি গ্রামে এসে দেখি খড়ের পালুইয়ে আগুন জ্বলছে। তিনি আরও বলেন, এর আগে আমার মাঠে কেটে রাখা আড়াই বিঘা জমির ধানে এভাবেই আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কিনারা হয়নি। এবার পিসতুতো দাদার খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দিল। প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। 

Advertisement

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর থেকে কয়েকদিন কুসুমদই গ্রামে রাতের অন্ধকারে চাষের মাঠে কেটে রাখা ধানে আগুন লাগিয়ে চম্পট দিচ্ছিল দুষ্কৃতীরা। গত ২৪ নভেম্বর রাতে প্রায় ১২ বিঘা জমির ধানে আগুন ধরিয়ে দেয়। বিপুল ক্ষতির মুখে পড়েন আটজন চাষি। এই উৎপাদিত ফসলেই তাঁদের সারাবছর পেট চলে। স্বভাবতই মাথায় হাত পড়ে জমির মালিক ঝুমা দাস, বিকাশ মণ্ডলদের। তাঁরা জানান, কারা আগুন দিচ্ছে জানি না, একের পর এক ঘটনা দেখে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই ক্ষতি করা হচ্ছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। পুলিশের কাছে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান আশিসবাবু। দুষ্কৃতী ধরতে মাঠ পাহাড়া শুরু করে পুলিশ। কিন্তু সেই পাহারা বন্ধ হতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্কিত এলাকার কৃষকরা। এদিন বিষয়টি নিয়ে ফের পুলিশের সঙ্গে কথা বলেন আশিসবাবু। 
পুলিশ জানিয়েছে, খড়ের পালুইয়ে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। কেউ আগুন লাগিয়ে দিয়েছে, নাকি অন্য কোনোও কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ