নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কার্নিভাল শুরু করেছেন রেড রোডে। সেই আঙ্গিকেই পুজোর আগে শিল্পাঞ্চলের বড় বড় পুজো কমিটিকে নিয়ে আগমনী শোভাযাত্রা করে বারাকপুর পুজো সমন্বয় কমিটি। এবার সেই শোভাযাত্রা হবে ১৪ সেপ্টেম্বর। জানা গিয়েছে, একশোরও বেশি পুজো কমিটি এই বর্ণময় শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এদিকে, বুধবার বারাকপুরের সুকান্ত সদন থেকে টিটাগড় এবং নোয়াপাড়া থানা এলাকার তিনশোরও বেশি পুজো কমিটিকে সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে পুজোর অনুমতি দেওয়ার কাজ শুরু হয়েছে। দু’দিন ধরে এই কাজ চলবে। এদিন দু’টি থানা ছাড়াও দমকল, সংশ্লিষ্ট পুরসভার অফিসার, পূর্তদপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের অফিসাররা পুজোর অনুমতি প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বারাকপুরে বেশ কয়েকটি বড় পুজো হয়। আড়ম্বর ও আয়োজনে কলকাতা শহরের বড় পুজোর সঙ্গে রীতিমতো টেক্কা দেয় এই পুজোগুলি। বারাকপুর পুরসভা এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটিকে নিয়ে মঙ্গলবার সুকান্ত সদনে বৈঠক করে। ওই বৈঠকে পুর চেয়ারম্যান উত্তম দাস প্রতিটি পুজো কমিটিকে বর্ণময় শোভাযাত্রায় অংশ নিতে অনুরোধ করেন। শোভাযাত্রা নোনাচন্দনপুকুর থেকে লালকুঠি হয়ে চিড়িয়ামোড় পর্যন্ত যায়।
বারাকপুর শহরে কোথাও থিমের প্যান্ডেল, কোথাও আবার বিগ বাজেটের পুজো হচ্ছে। ধীরে ধীরে পারদ চড়ছে উৎসবের। এ বিষয়ে উত্তম দাস বলেন, আমরা পুজোর আগেই আগমনী শোভাযাত্রা করি। পুজো উদ্যোক্তাদের বর্ণময় উপস্থিতিতে তা প্রতিবারই দৃষ্টিনন্দন হয়ে ওঠে। পুজো কমিটির সদস্যরা নাচ, গান, কবিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন। এবারও যাতে তা সর্বাঙ্গ সুন্দর হয়, তার পরিকল্পনা করা হয়েছে। বারাকপুর প্রশাসনের পক্ষ থেকেও সব রকম সাহায্য করা হচ্ছে পুজো কমিটিগুলিকে।